
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর স্থলবন্দর দিয়ে এক বছর ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে। পরিবেশসংক্রান্ত বিষয়ের অজুহাত দেখিয়ে ভারতীয় পাথর ব্যবসায়ীরা রপ্তানি বন্ধ রাখায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
এতে স্থলবন্দরটির প্রায় পাঁচ হাজার নারী ও পুরুষ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। ব্যবসায়ীরাও পড়েছেন ক্ষতির মুখে। পাথর আমদানি বন্ধ থাকায় সরকার গত এক বছরে প্রায় পাঁচ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
কামালপুর স্থলবন্দরের রাজস্ব কার্যালয় সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় পাথর আমদানি খাত থেকে স্থলবন্দর কর্তৃপক্ষ বছরের পাঁচ-ছয় কোটি টাকার রাজস্ব আদায় করে। এই বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে কমপক্ষে ৮০ থেকে ১০০টি ট্রাক ও গাড়ি পাথর নিয়ে আসত। ২০১৫ সালেও বন্দরটি দিয়ে ৫৭ হাজার মেট্রিক টন পাথর আমদানি হয়েছিল। ২০১৬ সালের প্রথম দিকে মাত্র ৫৬ মেট্রিক টন পাথর আমদানি হয়। এরপর থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। তবে আদা ও সুপারি আমদানি চালু রয়েছে।
স্থানীয় কয়েকজন পাথর ব্যবসায়ী বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের কোনো সমস্যা নেই। ভারতীয় ব্যবসায়ীদের মধ্যেই সমস্যা সৃষ্টি হয়েছে। তাঁরা পাথর রপ্তানি না করে ভারতের রাস্তা খারাপ ও পরিবেশসংক্রান্ত অজুহাত দেখাচ্ছেন। এ ছাড়া তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছে। তা সমাধান না হওয়ার কারণে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না স্থলবন্দরটি। ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেও সমাধান হচ্ছে না। তবে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।
স্থলবন্দরের শ্রমিক নূর ইসলাম বলেন, এক বছর আগেও স্থলবন্দরটি কর্মচঞ্চল ছিল। বন্দরে প্রায় পাঁচ হাজার শ্রমিক পাথর ভাঙার কাজ করতেন। পাথর আসা বন্ধ থাকার কারণে এই শ্রমিকেরা এখন বেকার হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে অনেকেই কাজ না থাকায় ঢাকাসহ বিভিন্ন জায়গায় চাকরি করছেন।
এ ব্যাপারে আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি ও কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, শতাধিক পাথর ব্যবসায়ী এখন পথে বসার উপক্রম হয়েছেন। বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের কাছে পাথরের জন্য দেওয়া টাকা আটকা পড়ে রয়েছে। তবে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রায় দিনই আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে পাথর আমদানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জামালপুরের সহকারী কমিশনার মো. ওমর ফারুক বলেন, পাথর আমদানি চালু করতে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। তাঁদের মাধ্যমে জানা যায়, ভারতীয় রাস্তা নাকি খারাপ ও পরিবেশসংক্রান্ত ঝামেলায় পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। ফলে তাঁরা (ভারতীয়) পাথর রপ্তানি করছেন না। সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। পাথর আমদানি বন্ধ থাকায় গত এক বছরের প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার।