ব্যবসায়ীরা ধান-চাল মজুত করছেন
কুষ্টিয়ায় গত এক সপ্তাহে চিকন চাল কেজি প্রতি (মিনিকেট) পাঁচ টাকা ও মোটা চাল তিন টাকা বেড়েছে।জানতে চাইলে কুষ্টিয়া জেলা বাজার অনুসন্ধানী কর্মকর্তা রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, এ সময়ে সাধারণত কৃষকের কাছে ধান থাকে না। তবে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজি প্রতি পাঁচ টাকা বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। অটো রাইস মিলগুলোতে মূলত চিকন চাল উৎপাদন হয়। কুষ্টিয়ার অন্যতম বড় চালকল রশীদ অটো রাইস মিলে প্রতিদিন ৩০০ মেট্রিক টন চাল উৎপাদিত হয়। এসব চাল প্রতিদিন রাজধানীর বাজারে চলে যাচ্ছে। এ মিলের মালিক আব্দুর রশীদ জানান, এক সপ্তাহে তিনি কেজি প্রতি দেড় টাকা বাড়িয়েছেন। কয়েক দিনের মধ্যে আরও বাড়বে।খোঁজ নিয়ে জানা যায়, খাজানগর কবুরহাট এলাকার বেশ কয়েকজন বড় চাতালমালিক তিন-চার মাসের চাল উৎপাদনের জন্য ধান মজুত করে রেখেছেন। এসব ধান অনেক আগে কম দামে কেনা হয়।সাধারণ ব্যবসায়ী বা ছোট আকারের রাইস মিলের মালিকেরা জানান, কুষ্টিয়ায় ছয় থেকে আটজন বড় ব্যবসায়ী মিলে ধান-চালের বাজার নিয়ন্ত্রণ করে থাকেন। কৃষকের গোলায় এখন আর তেমন ধান নেই, অধিকাংশই কিনে নিয়েছে এই চক্র। এখন কী পরিমাণ চাল বাজারে ছাড়া হবে, আর দাম কী হবে, তা নির্ধারণ করছে তাদের তার ওপর।রশীদ এগ্রো পোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, এক বছরে ধারাবাহিকভাবে বিদ্যুতের দাম কয়েক গুণ বেড়েছে। সে জন্য চালের দাম বৃদ্ধি পাচ্ছে। সামনে আরও বাড়বে। তাঁর প্রশ্ন, চালের দাম না বাড়ালে এত বড় প্রতিষ্ঠান কীভাবে চলবে?উত্তরাঞ্চলের চালের অন্যতম বৃহৎ মোকাম পাবনার ঈশ্বরদীতেও চালের দাম বাড়ছে। মোকামে চাল ব্যবসায়ীরা দাম বাড়ার কারণ হিসেবে অটো রাইস মিল মালিকদের ব্যাপকহারে ধান মজুতকে দায়ী করেছেন।ঈশ্বরদীর প্রধান চালের মোকাম জয়নগরে খোঁজ নিয়ে জানা গেছে, গত সাত দিনের ব্যবধানে ঈশ্বরদীর বিভিন্ন মোকামে চালের দাম গড়ে বেড়েছে বস্তাপ্রতি (৮৪ কেজি) ২৫০ থেকে ৬৫০ টাকা পর্যন্ত। প্রতিদিনই দাম বাড়ছে।দাম বাড়ার কারণ হিসেবে স্থানীয় চাল ব্যবসায়ীরা ধারণা করছেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের কিছু জেলার অটো রাইস মালিক এবং টাঙ্গাইল ও মুন্সিগঞ্জের কিছু জোতদার ও মহাজনেরা নতুন ধান উঠার সময় থেকে ব্যাপক হারে ধান মজুত করে রাখেন। অধিক মুনাফা লাভের আশায় তাঁরা অল্প অল্প করে বাজারে চাল ছাড়ছেন। এ কারণে চালের দাম বাড়তে শুরু করেছে। ঈশ্বরদী উপজেলা চাল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ খায়রুল ইসলাম জানান, সারা দেশের মতো চালের দাম ঈশ্বরদীতেও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। কারণ অটোরাইস মিল মালিকেরা চড়া দামে ধান বেশি বেশি মজুত করে অধিক দামে চাল বিক্রি করছে। দিনাজপুরের বাজারে গত সাত দিনে প্রতি মণ মোটা ধান ও চালের দাম ৫০ টাকা বাড়লেও মাঝারি ধানের দাম ১০০ টাকা এবং চিকন ধান ও চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। তবে এর সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন কৃষক ও চালকল মালিকেরা। দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের মোহনপুর বলদিয়াপুকুর গ্রামের কৃষক, অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, এক মাস আগে কৃষক আমন ধান ঘরে তুলেছে। ধান তোলার পর পরই প্রান্তিক ও মাঝারি কৃষকেরা ধান বিক্রি করতে বাধ্য হয়েছে। বড় বড় কৃষক, যাঁদের অভাব নোই, তাঁদের ঘরে ধান আছে। বর্তমানে ধান চলে গেছে মিল মালিক এবং মজুদদার ব্যবসায়ীদের হাতে। জেলার পুলহাট ও বাহাদুর বাজার খচরা চালের বাজার ঘুরে দেখা গেছে, সাত দিন আগে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৩৫ টাকা। বর্তমানে ৪০ টাকা। ব্রি ২৮ প্রতি কেজি ২৮ থেকে এখন ৩৫ টাকা, কাটারী ও চিনিগুড়া আতপ ৭০ টাকা থেকে হয়েছে ৯০ টাকা। মাঝারি ও চিকন পোলাও এর চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে দিনাজপুর জেলা চালকল মালিক গ্রুপের সিনিয়র সহসভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী বলেন, মাঝারি চিকন মিনিকেট ও ব্রী ২৮ জাতের ধান দুটি বোরো মৌসুমে চাষ হয়। আমন মৌসুমে এত চিকন ধান আর নেই। তাই দাম বাড়ছে। নওগাঁ ও সান্তাহারের আড়ৎগুলোতে ধরণ ভেদে প্রতি ৫০ কেজি এক বস্তা চালের মুল্য ১০০ টাকা থেকে ১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। সান্তাহার চাল আড়ৎদার সমিতির সভাপতি আতিকুর রহমান মিলন জানান, বৈরি আবহাওয়ার কারণে সরু ও মোটাসহ সব ধরনের চালের দাম বেড়েছে।নওগাঁ ধান-চাল আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন জানান, আমন চালের চেয়ে পুরাতন বোরো চালের দাম বেশি বেড়েছে। প্রায় ১৫ থেকে ২০ দিন পর পর হ্যাচকিং মিলে ধান শুকাচ্ছে, এ কারণে বাজারে চালের সরবরাহ কমে যাওয়ায় নওগাঁয় প্রতি মণ চালের মূল্য ১০০ থেকে ১৫০ টাকায় বৃদ্ধি পেয়েছে।সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর প্রতিনিধিরা এসব তথ্য পাঠিয়েছেন।