১/১১-এর নায়কদের উৎসাহ দেন দুই দলের কিছু নেতা: কাদের
ব্যবসায়ীরা সংসদকে রাজনীতি বিবর্জিত করে তুলেছেন: জলিল
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল জলিল বলেছেন, রাজনীতি এখন আর রাজনৈতিক নেতৃত্বের কাছে নেই, ব্যবসায়ীরা দখল করে নিয়েছেন। সঠিক রাজনৈতিক নেতৃত্বের অনুপস্থিতির সুযোগে ব্যবসায়ীরা সংসদকেও রাজনীতিবিবর্জিত করে তুলেছেন। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আরেকটি আলোচনা সভায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, দুই দলের কিছু রাজনৈতিক নেতাই এক-এগারোর কুশীলবদের উৎসাহিত করেছিলেন। নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না: ডিআরইউ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আবদুল জলিল বলেন, রাজনীতিতে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের ব্যর্থতার কারণেই নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। সেই সুযোগে অসৎ উপায়ে টাকা উপার্জনকারী ব্যবসায়ীরা রাজনীতিতে আসছেন। নামের আগে ‘সাবেক সাংসদ’ ব্যবহার করার জন্য তাঁরা বিপুল অর্থ ব্যয় করে নির্বাচনে জয়লাভ করছেন। আবদুল জলিল বলেন, কীভাবে নেতৃত্ব তৈরি হবে! কলেজ-বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয় না। ২০ বছর ধরে নির্বাচন নেই ডাকসুতে। এখান থেকেই তোফায়েল, মতিয়া, মেনন, রব, মান্না, মনসুরসহ অনেক নেতা উঠে এসেছিলেন। এই রাজনৈতিক সংস্কৃতির সর্বশেষ নেতা আমানউল্লাহ আমান। তারপর থেকে আর কোনো নেতা নেই। রাজনীতির এই দৈন্য কাটাতে সমাজের সর্বস্তরে নাড়া দেওয়া দরকার। নতুন নেতৃত্ব তৈরির বিষয়ে ভাবা উচিত। সংসদে প্রাণ নেই মন্তব্য করে জলিল বলেন, সংসদে প্রাণ সঞ্চার করতে হলে সাংসদদের কথা বলার স্বাধীনতা দিতে হবে। সে ক্ষেত্রে বিরোধী দল সংসদে না গেলেও সংসদ প্রাণবন্ত হতে পারে। তবে সংসদকে প্রাণবন্ত করতে বিরোধী দলেরও কিছু দায়িত্ব আছে। তারা সংসদে গেলেই মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সম্পর্কে আবদুল জলিল বলেন, এ ক্ষেত্রে সরকার ও আওয়ামী লীগের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে হলে অবশ্যই সমন্বয় করে কাজ করতে হবে। তিনি বলেন, দুই বছরের শাসনামলে সরকারকে পুরোপুরি ব্যর্থ বলা যাবে না। কারণ, কৃষি ও শিক্ষাসহ কয়েকটি ক্ষেত্রে সরকারের সাফল্য আছে। বিদ্যুৎ-গ্যাসের সমস্যা এখনো কাটেনি। রাজনৈতিক ও আন্তর্জাতিক সমস্যার কারণে চেষ্টা সত্ত্বেও সমস্যাগুলো থেকে গেছে। তবে এ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। সামনের তিন বছরে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে আবদুল জলিল বলেন, ব্যবসায়ীদের ধমক দিয়ে সমস্যার সমাধান বা বাজার নিয়ন্ত্রণ করা যায় না। তাঁদের আস্থা অর্জন করতে হবে। একজনের সিদ্ধান্ত সব সময় সঠিক হয় না। কিন্তু এখন সমস্যা সমাধানের ক্ষেত্রে মন্ত্রণালয় এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। কখনো কখনো এফবিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করছে। এটা না করে ছোট-বড় সব ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে সুফল অনেক বেশি পাওয়া যেত। সরকারের মন্ত্রিসভার সদস্যরা দলের কর্মী এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন বলে মনে করেন আবদুল জলিল। তিনি বলেন, ‘আমাদের এখানে দলীয় প্রধান মন্ত্রিসভা নির্বাচন করেন, দলের পরামর্শ নেওয়া হয় না। আমাদের প্রধানমন্ত্রী নতুন নেতৃত্ব সৃষ্টির ধারণা থেকেই নতুনদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। এঁদের অনেককে জনগণ ভালোভাবে চেনেন না। জনগণের সঙ্গে তাঁদের তেমন সম্পৃক্ততাও নেই। তাই মন্ত্রিসভায় একটু নড়াচড়া হওয়া দরকার।’ এক-এগারোর কুশীলবদের উৎসাহিত করেছিলেন দুই দলের কিছু নেতা: দুই দলের রাজনৈতিক নেতারাই এক-এগারোর কুশীলবদের উৎসাহিত করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ওই সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়া একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। এতে এক-এগারোর কুশীলবেরা উৎসাহী হয় এবং পরবর্তী সময়ে আড়াল থেকে সামনে চলে আসে।’ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক নেতারাই রাজনীতির সুনাম নষ্ট করেছেন। এখনো দলে পদ পেতে রাজনৈতিক নেতারা গোয়েন্দা সংস্থার রিপোর্টকে নিজেদের পক্ষে আনতে চেষ্টা-তদবির করে যাচ্ছেন।’ তিনি প্রশ্ন করেন, রাজনীতিবিদেরা যদি ঘণ্টার পর ঘণ্টা ব্যবসায়ীদের অফিসে চাঁদার টাকার জন্য বসে থাকেন, তাহলে তাঁদের মর্যাদা থাকে কোথায়? গতকাল পাবলিক লাইব্রেরির সেমিনার হলে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত ‘ভাষা আন্দোলন ও মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভাষাসৈনিক আবদুল মতিন, ভাষাসৈনিক মির্জা মাজহারুল ইসলাম, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু প্রমুখ।