ব্যবসায়ীসহ দুজন খুন দুটি লাশ উদ্ধার
সিলেটের তারাপুর চা-বাগানের প্রহরী এবং বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী চর এলাকায় এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুটি লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বাসা থেকে বের হন সিলেটের তারাপুর চা-বাগানের প্রহরী শিপন লাল। সন্ধ্যায় বাগানের ভেতর মোকামটিলায় রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করে। শিপন তারাপুর চা-বাগান এলাকার বাসিন্দা মতি লালের ছেলে। সিলেট বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন জানান, শিপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলায় নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ গতকাল শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে। ওয়াজিবুর রহমান (৩২) নামের ওই ব্যবসায়ীর বাড়ি উপজেলার ধনপুর ইউনিয়নের সুরেশনগর গ্রামে। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে একটি ফসলি জমিতে তাঁর লাশ পড়ে ছিল। ওয়াজিবুর রহমান ডিলারশিপের ব্যবসা করতেন ও ধনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। বিশ্বম্ভরপুর থানার এসআই মোখলেছুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাগেরহাট: শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী চর এলাকায় মাছ ব্যবসায়ী আবদুস সামাদ হাওলাদার নিখোঁজের ঘটনায় তাঁর ছেলে জামাল হোসেন হাওলাদার ২০ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত বৃহস্পতিবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী চর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা এবং ওই ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি সুন্দরবনে ট্রলার পাঠিয়ে মাছের ব্যবসা করতেন। কমলগঞ্জ (মৌলভীবাজার): গত বৃহস্পতিবার ভোরে শমশেরনগর-মৌলভীবাজার সড়কের শ্যামেরকোনা এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত এক তরুণের লাশ পড়ে থাকতে দেখা যায়। বেলা ১১টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কমলগঞ্জ থানার এসআই উত্তম কুমার বলেন, লাশের শরীরে অসংখ্য আঘাতের দাগ ও মাথা থেঁতলানো ছিল।