ব্যবসায়ীসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার বুড়িবাড়ীতে ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। বগুড়ার ধুনটে এক ব্যবসায়ী ও রাজশাহীতে এক ভটভটির চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:সিরাজগঞ্জ: হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ফরিদুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী কেয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের বুড়িবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে ধাক্কা মারলে পাশের জমিতে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার সাইদুর ও চালকের সহকারী মারা যান। হাসপাতালে নেওয়ার পর যাত্রী পরিমলের মৃত্যু হয়। চালকের সহকারীর পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ট্রাকটি ওই জমিতে পড়লেও এতে কেউ ছিল না।ধুনট (বগুড়া): গতকাল দুপুরে ধুনট-মথুরাপুর সড়কের পাঁচথুপি এলাকায় ভটভটি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী রাধিকা চন্দ্র সাহা ঘটনাস্থলেই মারা যান। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের বাসিন্দা। মথুরাপুর থেকে গো-খাদ্যবোঝাই ভটভটিযোগে ধুনটে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ভটভটির অপর যাত্রী হরিনাথপুর গ্রামের কালু হোসেন (৪০) আহত হয়েছেন।রাজশাহী: গোদাগাড়ীর জগপুর গ্রামের আবু বাক্কার ভটভটিবোঝাই খড় ও কয়েকজন যাত্রী নিয়ে চারঘাট উপজেলায় যাচ্ছিলেন। গতকাল সকাল পৌনে সাতটার দিকে রাজশাহী নগরের রাজপাড়া এলাকার লিলি সিনেমা হলের কাছে পৌঁছার পর ভটভটির বডি মাঝখান থেকে ভেঙে পড়ে। এতে তাঁরা রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই আবু বাক্কার নিহত হন। তাঁর ভাই জাহাঙ্গীর আলমসহ তিনজন আহত হন।