ব্যবস্থা না নিলে কর্ণফুলীও বুড়িগঙ্গার অবস্থায় দাঁড়াবে: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনই ব্যবস্থা না নিলে কর্ণফুলী নদীও শিগগির বুড়িগঙ্গার অবস্থায় দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। কর্ণফুলীসহ বিভিন্ন নদীর হারিয়ে যাওয়া পথ উদ্ধারের কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।

আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখাসংক্রান্ত নৌ-পরিবহন মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটির ৩০তম সভায় মন্ত্রী এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সিএস জরিপের ভিত্তিতে নদীর সীমানা নির্ধারণ করা হবে। প্রয়োজনবোধে আরএস জরিপের সহযোগিতা নেওয়া হবে। তিনি বলেন, ‘নদী রক্ষা করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই। প্রধানমন্ত্রী নদী বাঁচানোর জন্য ড্রেজার ক্রয় করেছেন। বঙ্গবন্ধুর পর বর্তমান সরকারই দ্বিতীয় সরকার, যারা নদী খননের জন্য ড্রেজার কিনেছে।’

মন্ত্রী বলেন, ‘নদীকে দূষণমুক্ত করার জন্য আমরা একটু সময় নিয়েছি। কারণ, দূষণ একদিনে যেমন হয়নি, তেমনি একদিনে দূষণমুক্ত করা যাবে না।’ কাপ্তাই হ্রদে নৌপথে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, সেটি খননের ব্যবস্থা বিআইডব্লিউটিএ নেবে বলে মন্ত্রী জানান।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘জোয়ার-ভাটা আছে বলেই কর্ণফুলী নদী এখনো বেঁচে আছে। আমাদের এখানে ওয়াসার কোনো স্যুয়ারেজ লাইন নেই। পয়োবর্জ্য, সিটি করপোরেশনের বর্জ্য গিয়ে পড়ে কর্ণফুলীতে। তাই কর্ণফুলী বাঁচাতে এখনই নজর দেওয়া দরকার। স্যুয়ারেজ সিস্টেম করা জরুরি।’

নৌমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।