ব্যবস্থা না নেওয়ায় ব্যাখ্যা জানাতে স্বাস্থ্য সচিবকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবনে ২৮ শিশুর মৃত্যুর মামলায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের দুই কর্মকর্তার অদক্ষতা ও অযোগ্যতা বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ব্যাখ্যা জানাতে স্বাস্থ্যসচিবকে তলব করেছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। স্বাস্থ্যসচিবকে আগামীকাল সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে ৩ আগস্ট ভেজাল প্যারাসিটামল সেবনে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলা পরিচালনায় ‘অদক্ষতা ও অযোগ্যতার’ কারণে ঔষধ প্রশাসন অধিদপ্তরের দুই কর্মকর্তার বিষয়ে তদন্ত প্রতিবেদনের আলোকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় স্বাস্থ্যসচিবের পক্ষে গতকাল প্রতিবেদন দাখিল করা হয়। এতে বলা হয়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. আলতাফ হোসেন ও সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামকে সতর্ক করা হয়েছে।

পরে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবনে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলার রায়ের পর আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গত ১১ জুলাই প্রতিবেদন দেয়। এতে ওই দুই কর্মকর্তার অবহেলা পাওয়া যায়। এরপর ৩ আগস্ট তদন্ত প্রতিবেদনের আলোকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ৭২ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। তিনি বলেন, এরপর স্বাস্থ্যসচিবের পক্ষে গতকাল দেওয়া প্রতিবেদনে দেখা যায়, দুই কর্মকর্তাকে সতর্ক করে মাফ করে দেওয়া হয়েছে। আইনানুগভাবে কার্যক্রম সম্পন্ন করতে দুই কর্মকর্তা সক্ষম হননি ও কিছু ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়। এ অবস্থায় দুই কর্মকর্তার বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা জানাতে স্বাস্থ্যসচিব সিরাজুল হককে ২৩ আগস্ট আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে সারা দেশে ২৮ শিশু মারা যায়।