পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন তিনটি বিভাগে নিয়োগে অনিয়ম হওয়া সত্ত্বেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে নিয়োগে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবারও তাগিদ দেওয়া হয়েছে।
সংসদীয় কমিটির তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ও বন অধিদপ্তরের তৃতীয়-চতুর্থ শ্রেণির পদে এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সচিব নিয়োগে অনিয়ম হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, আগের বৈঠকে অনিয়মের সঙ্গে জড়িত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সুপারিশ পাঠানো হয়নি। ওই অভিযোগ ওঠার পরপরই সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছিল। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তাই কমিটি নিয়োগপ্রক্রিয়া বাতিলের সুপারিশ করেছে।
কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সচিব পদে নিয়োগপ্রক্রিয়ায় বিশেষ প্রার্থীর প্রতি পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেছে। বন অধিদপ্তরের প্রহরী/জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট পদে নির্ধারিত দিনের পরিবর্তে অন্য দিনে পরীক্ষা নিয়ে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। আনসার ভিডিপি কোটায় খুলনা বিভাগে নিয়োগ পাওয়া প্রার্থীর তুলনায় অন্য প্রার্থীরা বেশি নম্বর পেয়েও নিয়োগ পাননি।
কমিটি সভাপতি হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম ও সাংসদ টিপু সুলতান উপস্থিত ছিলেন।