ব্যবস্থা নিচ্ছে না অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির এক হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৯৫২ টাকা আত্মসাতের বিষয়টি তদন্তে প্রমাণিত হলেও এখনো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সমবায় অধিদপ্তর।
২০১৩ সালের সংশোধিত সমবায় সমিতি আইন অনুযায়ী, অনিয়মের ঘটনা প্রমাণিত হলে কোনো সমবায় সমিতিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে আত্মসাৎ করা টাকা সমিতির তহবিলে পরিশোধ করার নির্দেশ দিয়ে সমবায় অধিদপ্তরকে চিঠি দিতে হয়। ওই সময়ের মধ্যে এ অর্থ পরিশোধ না করলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড কিংবা আত্মসাৎ করা অর্থ বা সম্পদের মূল্যের দ্বিগুণ অর্থদণ্ডে কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে আইনে।
তবে অধিদপ্তর বলছে, মামলা করার কথা বলা থাকলেও কোন ধারায়, কীভাবে মামলা করা হবে, সে বিষয়ে আইনে স্পষ্ট করে কিছু বলা নেই। সে কারণে তারা আইনি ব্যবস্থার দিকে যেতে পারছে না।
আবার ডেসটিনির সামগ্রিক অনিয়মের বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। দুদক এ বিষয়ে মামলাও করেছে। এ অবস্থায় অধিদপ্তর নিজস্ব আইনে ব্যবস্থা নিতে পারবে কি না এবং পারলে সে ক্ষেত্রে অধিদপ্তরের পদক্ষেপগুলো কেমন হবে, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে গত ফেব্রুয়ারি মাসে চিঠি দিয়েছে সমবায় অধিদপ্তর। কিন্তু সাত মাসেও এর কোনো জবাব পায়নি তারা।
সূত্র জানায়, ডেসটিনি কো-অপারেটিভের অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এ বছরের জানুয়ারিতে অধিদপ্তরের সেই সময়ের নিবন্ধক হুমায়ুন খালিদের সভাপতিত্বে অধিদপ্তরে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারিতে মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়।
সমবায় আইনে ব্যবস্থা নেওয়ার বিধান উল্লেখ থাকার পরও কেন আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিতে হবে? জানতে চাইলে অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক অমিয়কুমার চট্টোপাধ্যায় প্রথম আলোকে বলেন, ‘জরিমানা করতে আমাদের সমস্যা নেই। তবে আমরা যদি কারাদণ্ড দিতে চাই, সে ক্ষেত্রেই সমস্যা হবে। আইনে কারাদণ্ডের কথা বলা হয়েছে। এ জন্য মামলা করতে হবে। কিন্তু কোন ধারায় মামলা করতে হবে, তা আইনে বলা নেই। এ জন্য কীভাবে মামলা করব, কত ধারায় মামলা করব; আমরা চাই সে বিষয়গুলো আইন মন্ত্রণালয় ঠিক করে দিক।’
ডেসটিনি কো-অপারেটিভের অনিয়ম তদন্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশে ২০১২ সালের ৪ এপ্রিল সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক অমিয়কুমার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ডেসটিনি কো-অপারেটিভে এক হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৯৫২ টাকার অনিয়ম খুঁজে পায়। ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন একাই ১২৯ কোটি ৮৭ লাখ ২০ হাজার ৬৬১ টাকার অনিয়ম করেছেন। সে বছরের ১৬ অক্টোবর অধিকতর তদন্তের জন্য (৮৩ ধারায়) অধিদপ্তরের আরেক অতিরিক্ত নিবন্ধক মো. সাইদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। ১৩ জন অনিয়মে জড়িত উল্লেখ করে চূড়ান্ত দায় নির্ধারণ করেন তিনি।
এরপরই অনিয়মে জড়িত ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায়ের প্রক্রিয়া শুরু করে অধিদপ্তর। এর অংশ হিসেবে গত বছরের ১৮ জুন অনিয়মে জড়িত ডেসটিনি কো-অপারেটিভের ১৩ জনকে টাকা ফেরত দেওয়ার নির্দেশসংবলিত চিঠি দেয় অধিদপ্তর। ১২০ দিনের মধ্যে এ অর্থ সমিতির তহবিলে পরিশোধের কথা বলা হয়। ডেসটিনির বেশির ভাগ অভিযুক্ত কর্মকর্তা কারাগারে থাকায় ২৮ জুলাই কারা কর্তৃপক্ষের মাধ্যমে এই ১৩ জনের কাছে আরেক দফা চিঠি পাঠায় অধিদপ্তর। গত বছরের ১৮ অক্টোবর সময়সীমা পার হলেও কোনো কর্মকর্তাই অর্থ পরিশোধ করেননি।
সমবায় অধিদপ্তরের নিবন্ধক মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা না পেলে আমরা ডেসটিনি কো-অপারেটিভের বিরুদ্ধে কিছু করতে পারছি না। তাই শিগগিরই আইন মন্ত্রণালয়ে তাগাদাপত্র পাঠানো হবে।’