প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের আলোকচিত্রী জুয়েল শীলের ওপর হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন থেকে এ চিঠি দেওয়া হয়।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘আলোকচিত্রী জুয়েল শীলের ওপর হামলাকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে চিঠি দেওয়া হয়েছে। আশা করি, তাঁরা ব্যবস্থা নেবেন। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসনকেও দাবি জানানো হয়েছে।’
গতকাল রাতে মুঠোফোনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমি এখন ঢাকায় অবস্থান করছি। আগে চিঠিটি হাতে পাই, তারপর দেখব।’
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, জুয়েল শীলের করা আবেদনটির তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে।
১৭ ফেব্রুয়ারি প্রবর্তক মোড় এলাকায় জুয়েল শীলের ওপর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতা–কর্মীরা হামলা চালান। এ সময় তাঁর সঙ্গে চরম অবমাননাকর আচরণ করা হয়।