স্কুলছাত্রদের শরীরে গড়া ‘মানবসেতুতে’ হাঁটার ঘটনায় চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি খারিজ হয়েছে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার আবেদনটি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেন।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীসহ অন্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। নূর হোসেন পাটোয়ারীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এসব কারণে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।
‘ছাত্রদের শরীরে গড়া সেতু দিয়ে আনন্দে হাঁটলেন জনপ্রতিনিধি’ শিরোনামে ২ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, চাদপুর হাইমচর উপজেলায় নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্রদের শরীর দিয়ে সৃষ্ট সেতুর ওপর হাস্যোজ্জ্বল মুখে হেঁটেছেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। এটি যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সেদিন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মজিবুর রহমান রিটটি করেন।