রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতির কক্ষসহ একাধিক কক্ষ ভাঙচুরের ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল বুধবার জরুরি সভা শেষে বিভাগের পক্ষ থেকে প্রশাসনকে এ চিঠি দেওয়া হয়।বিভাগীয় সভাপতি এম মুশফিকুর রহমান বলেন, ‘ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সকাল নয়টায় বিভাগের জরুরি সভা বসে। সভায় হামলাকারীদের বিরুদ্ধে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করার সিদ্ধান্ত হয়। কিন্তু বৈঠক শেষ হতে হতে বিশ্ববিদ্যালয়ের কর্মদিবসও শেষ হয়ে যায়। তাই গতকাল আর উপাচার্যের দপ্তরে চিঠিটি পৌঁছেনি। আজ বৃহস্পতিবার তিনি সেটি পেয়ে যাবেন। তবে হামলাকারীদের বিরুদ্ধে এখন যা পদক্ষেপ নেওয়ার তা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।’উল্লেখ্য, পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ও রাবি শাখা ছাত্রলীগের উপপাঠাগার সম্পাদক নাসিম আহমেঞ্চদ প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষায় পরপর দুই বছর অকৃতকার্য হওয়ার ক্ষোভে গত মঙ্গলবার বিভাগে ভাঙচুর চালান। এ সময় তাঁর সঙ্গে ছাত্রলীগের আরও ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী ছিলেন। ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম দুবার প্রথমবর্ষ চূড়ান্ত পরীক্ষা দিয়েও কৃতকার্য হতে পারেননি। দু-তিন আগে অনানুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে।