চট্টগ্রামে এজলাসকক্ষ ভাঙচুরের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারকি সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল বরাবর চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট। এতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে সুপ্রিম কোর্টকে অবহিত করতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন গতকাল সোমবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর ওই চিঠিটি পাঠান বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে মুঠোফোনে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মানব পাচার আইনে করা একটি মামলায় গ্রেপ্তার এক আইনজীবী ও তাঁর স্ত্রীর প্রথমে জামিন না হওয়ায় ১৮ জানুয়ারি চট্টগ্রামে এজলাস ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনা তদন্তে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পরদিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে সভাপতি করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন। এরপর গতকাল ওই চিঠি পাঠানো হলো।
ঘটনার বর্ণনা দিয়ে চিঠিতে বলা হয়, ১৮ জানুয়ারি মানব পাচার আইনের এক মামলায় গ্রেপ্তার আইনজীবী ও তাঁর স্ত্রীর জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালত। এ সময় কোনো কারণ ছাড়াই চট্টগ্রাম আইনজীবী সমিতির কিছু আইনজীবী নজিরবিহীনভাবে অনাকাঙ্ক্ষিত পেশাগত অসদাচরণ করেন। তাঁদের মধ্যে আইনজীবী জান্নাতুল ফেরদৌস মুক্তা আদালতের নথি ছুড়ে মারেন। আইনজীবী চন্দন বিশ্বাস, সাকিল, আউয়াল খান, টি আর খান, প্রদীপ দাশ, শিবলী, মাসুদ পারভেজ, মুস্তাফিজসহ আরও কয়েকজন আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ও বিচারকদের নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজসহ আদালতকক্ষ ও বিচারকের খাসকামরা ভাঙচুর করেন। আদালতের মূল্যবান নথি তছনছ করাসহ বিচারককে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন বলে জানা যায়।
চিঠির ভাষ্য, আদালতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আইনজীবীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশ বার কাউন্সিলের দায়িত্ব। প্রধান বিচারপতি মনে করেন, আইনজীবীদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ বার কাউন্সিল এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঘটনাটির সুষ্ঠু সমাধান করবে। না হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি এড়ানো যাবে না। এ ধরনের আচরণকারীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।