বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র খন্দকার খানজাহানের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।গতকাল সোমবার খানজাহানের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন শিক্ষামন্ত্রী। বুয়েট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর ওই মিলাদের আয়োজন করে।গত বৃহস্পতিবার ইডেন কলেজের সামনে উইনার পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে বুয়েটের কেমিকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র খন্দকার খানজাহানের মর্মান্তিক মৃত্যু হয়।গতকাল মিলাদে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী খানজাহানের পরিবার ও বুয়েট পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান। মন্ত্রী জানান, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁর মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হবে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তাও দেবে শিক্ষা মন্ত্রণালয়।শিক্ষামন্ত্রী বলেন, খানজাহানের করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যানবাহন চলাচলের নিয়ম কঠোর করার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য আ ম ম সফিউল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।