ব্যবস্থা নিয়েছি, প্রার্থনা করেছি, তবু সহিংসতা হয়েছে: মোবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশ মানেনি সরকারের প্রশাসন। উল্টো তারা ক্ষমতাসীন দল-সমর্থিত প্রার্থী-সমর্থকদের ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ে সহায়তা করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের একাধিক কর্মকর্তা এ কথা বলেন।
ভোট গ্রহণ শেষে গতকাল সন্ধ্যার আগে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবদুল মোবারক সহিংসতার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘সহিংসতা না হওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি, প্রার্থনা করেছি। তা সত্ত্বেও কিছু কিছু কেন্দ্রে সহিংসতা হয়েছে। সহিংসতা আরও হতে পারে। কারণ, কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময়ও ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে।’
কমিশন সচিবালয়ের কারও কারও মতে, জেলা প্রশাসকদের অসহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নমনীয় আচরণের কারণেই গতকাল রোববার তৃতীয় ধাপের চেয়েও বেশি সহিংসতা ও ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে।
গতকাল দেশের ৪৩টি জেলার ৯১টি উপজেলায় ভোট গ্রহণ হয়। এ নির্বাচন সুষ্ঠু করতে শনিবার নির্বাচন কমিশন ফৌজদারি কার্যবিধির ১৩১ ধারা অনুযায়ী সেনাবাহিনীকে তাদের ক্ষমতা প্রয়োগের জন্য নির্দেশ দিয়ে চিঠি দেয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে আবদুল মোবারক বলেছিলেন, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে গুলি হবে।
কিন্তু গতকাল ভোটকেন্দ্র দখল করে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটলেও গুলি হয়নি। উল্টো অনেক ক্ষেত্রে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) কমিশনের নির্দেশ আমান্য করেছেন। গতকাল সকালে নোয়াখালীর বেগমগঞ্জ, সাতক্ষীরার কলারোয়া, যশোর সদর এবং ঝালকাঠির সদর, রাজাপুর, কাঠালিয়া ও নলছিটি উপজেলার নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সে ব্যাপারে কমিশন থেকে ডিসি-এসপিদের বারবার নির্দেশনা দিতে দেখা গেছে।
বেগমগঞ্জ থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা ছয়-সাতটির মতো কেন্দ্র দখল করে ব্যালট পেপার কেন্দ্রের বাইরে নিয়ে সিল মারেন। আর অন্য উপজেলায় দুপুর ১২টার মধ্যে সব কেন্দ্র দখল করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রকাশ্যে ব্যালটে সিল মারা হয়।
সহিংসতার কারণ সম্পর্কে আবদুল মোবারক বলেন, জয়ী হওয়ার জন্য প্রার্থীদের অদম্য স্পৃহা ও কামনার কারণে সহিংসতা হচ্ছে। যেকোনো কিছুর বিনিময়ে প্রার্থীরা জিততে চান। তাঁদের সন্তুষ্টির অভাব থেকেই এ সহিংসতা।
সহিংসতার জন্য আবদুল মোবারক রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। তিনি বলেন, ‘৩১ মার্চ আরেকটা নির্বাচন আছে। রাজনৈতিক দলগুলোকে বিনীত আহ্বান জানাই, তারা যেন নির্দলীয় নির্বাচনের প্রতি সম্মান জানায়। দলীয়ভাবে নির্বাচন করতে চাইলে আইনে পরিবর্তন আনুক।’
ভারপ্রাপ্ত সিইসি জানান, কমিশনের কাছে ফ্যাক্স ও টেলিফোনের মাধ্যমে বেশ কিছু অভিযোগ এসেছে। এর মধ্যে টেলিফোনের অভিযোগগুলো তদন্ত করে প্রমাণ পাওয়া যায়নি। ফ্যাক্সের ২০টি অভিযোগ আমলে নিয়ে কমিশন ব্যবস্থা নিয়েছে। এর ওপর ভিত্তি করে ১১টি উপজেলার ৩২ কেন্দ্র স্থগিত করা হয়েছে।
নির্বাচন নিয়ে কমিশন সন্তুষ্ট কি না, জানতে চাইলে আবদুল মোবারক বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি। যথাযথভাবে নির্বাচন হয়েছে।’