ব্যবস্থা নেবে বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমা নিয়ে স্ট্যান্ডার্ড গ্রুপের অনিয়মের ব্যাপারে গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনে (বিআইএ) আলোচনা হয়েছে। গতকাল দিনভর বৈঠক করেছে সাধারণ বীমা করপোরেশনও (সাবীক)।

‘বিমার টাকা তুলতে অনিয়মের আশ্রয়’ শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠাতে পারে আইডিআরএর কাছে। সংস্থাটি এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে—মূলত তা জানতেই দেওয়া হতে পারে এ চিঠি।

আইডিআরএর সদস্য জুবের আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। সত্য উদ্ঘাটনের জন্য শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

জানা গেছে, প্রকাশিত প্রতিবেদনটি ধরে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের কাছে হালনাগাদ তথ্য জানতে চাইবে আইডিআরএ। আইডিআরএ সূত্র জানায়, সংস্থাটি একটি তদন্ত কমিটিও গঠন করতে পারে।

এদিকে, সাধারণ বীমা করপোরেশনের এমডি মো. রেজাউল করিমও সংস্থার সব ব্যবস্থাপক (জিএম) ও উপব্যবস্থাপককে (ডিজিএম) নিয়ে বৈঠক করেছেন গতকাল।

আর বিমা কোম্পানির মালিকদের সংগঠন প্রকাশিত প্রতিবেদনের কপি বিতরণ করেছে সব সদস্যের কাছে। বিআইএ সূত্র জানায়, বিমা বিষয়ে গুরুত্বপূর্ণ সব প্রতিবেদনই সদস্যদের জানিয়ে দেওয়া হয়। এটি বিআইএর দীর্ঘদিনের চর্চা।

এ ছাড়া বিষয়টি নিয়ে পোশাক খাতের মালিকদের মধ্যেও দিনভর আলোচনা হয়েছে। একাধিক ব্যবসায়ী বলেছেন, বিমা দাবি নিয়ে কৌশলের আশ্রয় নেওয়ার ঘটনায় ব্যবসায়ীদের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খানিকটা নেতিবাচক হয়ে পড়বে।