প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে ছাত্রলীগ নামধারীরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় অভিযোগ দিলেও পুলিশ অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করেনি। বৃহস্পতিবার রাতে ওই হামলা চালানো হয়। উপজেলা বিএনপির একাংশের কমিটির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, তাঁর বাড়িতে বৃহস্পতিবার রাত সোয়া একটায় ছাত্রলীগ নামধারী ইব্রাহিম মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালান। এ সময় বাড়ির উঠানে ব্যক্তিগত গাড়ি ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন তাঁরা। পরদিন শুক্রবার রাত নয়টার দিকে ভানুগাছ বাজারে তাঁর ভাতিজা আনিশা ফার্নিচারের মালিক নিয়াজুর রহমানের কাছে এক হাজার টাকা চাঁদা দাবি করেন ইব্রাহিম মিয়া। না পেয়ে তাঁকে মারধর করেন এবং তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেন।