ব্যবস্থাপক বরখাস্ত, চার কর্মকর্তাকেজরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪৫ ব্যক্তির নাম ব্যবহার করে বাংলাদেশ কৃষি ব্যাংক বিলাইছড়ি উপজেলা শাখা থেকে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজন ব্যবস্থাপক বরখাস্ত ও চার কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে। কৃষি ব্যাংক রাঙামাটি আঞ্চলিক কার্যালয় এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা শাখা কৃষি ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মী ব্যবস্থাপনা বিভাগ-৩-এর উপমহাব্যবস্থাপক মো. এমদাদুল হক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, বিলাইছড়ি শাখার সাবেক ব্যবস্থাপক স্বর্ণেন্দু বিকাশ চাকমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে কৃষি ব্যাংকের কক্সবাজারের আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ে কর্মরত।

এ ছাড়া চাকরি প্রবিধানমালা অনুসারে ২০০৪ সালের ২৬ জুলাই থেকে ২০০৭ সালের ৭ জুন পর্যন্ত ওই শাখায় কর্মরত আশীষ চাকমাকে আট লাখ, অংসা খই মগকে পাঁচ লাখ, মো. জিয়াদুল ইসলামকে চার লাখ এবং বর্তমানে কক্সবাজার মাতারবাড়ী শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত রবীন্দ্র নাথ ঘোষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযুক্ত কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ব্যাংকের রাঙামাটি আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তারা বিলাইছড়ি কৃষি ব্যাংকে কর্মরত অবস্থায় পরস্পরের যোগসাজশে বিভিন্ন গ্রাহকের নাম ব্যবহার করে ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেন।

বিষয়টি জানাজানি হলে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতিমূলক অপরাধের জন্য বিভাগীয় মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে তদন্তে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণ হয়। জরিমানার টাকা অভিযুক্ত চার কর্মকর্তাকে তাঁদের মাসিক মূল বেতনের এক-তৃতীয়াংশ হারে কৃষি ব্যাংক বিলাইছড়ি শাখার আয় খাতে জমা করার আদেশ দেওয়া হয়েছে। তবে চাকরিকালে জরিমানার টাকা পরিশোধ না হলে অবশিষ্ট টাকা চূড়ান্ত অবসর গ্রহণকালে প্রাপ্য পেনশন সুবিধা থেকে কেটে রাখা হবে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের রাঙামাটি আঞ্চলিক ব্যবস্থাপক মো. খালেক হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। সে কারণে একজনকে বরখাস্ত এবং অপর চারজনকে দণ্ড দেওয়া হয়েছে।