ব্যবস্থাপকসহ চারজনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গায় যমুনা অয়েল কোম্পানির ১১ নম্বর ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে এ দুর্ঘটনার জন্য টার্মিনালের ব্যবস্থাপক ও দায়িত্বশীল প্রকৌশলীকে প্রত্যক্ষ এবং ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তাকে পরোক্ষভাবে দায়ী করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ও সরকারের সচিব ইউনুসুর রহমানের কাছে দাখিল করা হয়। প্রতিবেদনে ওই দুর্ঘটনায় টার্মিনাল ব্যবস্থাপক আবুল বাশার ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মুশফিকুর রহমানকে সরাসরি দায়ী করা হয়। তাঁদের মধ্যে প্রকৌশলী মুশফিকুরকে গত শনিবারই সাময়িক বরখাস্ত করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় পতেঙ্গায় অবস্থিত ১১ নম্বর ট্যাংক থেকে অকটেন সরানোর সময় আগুন লেগে যায়। এতে ১০ জন আহত হন। পরে অগ্নিদগ্ধ সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনা তদন্তের জন্য সরকারের যুগ্ম সচিব এস এম রেজওয়ান হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি শনিবার সকাল থেকে তদন্ত শুরু করে। বিপিসির চেয়ারম্যান ইউনুসুর প্রথম আলোকে বলেন, ‘ওই দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করেছে কমিটি। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের শাস্তির সুপারিশ করা হয়েছে। তা ছাড়া এ ধরনের দুর্ঘটনা এড়াতে সাতটি সুপারিশ করেছে কমিটি। আমরা প্রতিবেদনের আলোকে সুপারিশ বাস্তবায়ন শুরু করছি।’
শুক্রবারের দুর্ঘটনা কেবল গাফিলতির কারণে ঘটেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ছাড়া কর্মরত শ্রমিকদের সরাসরি তত্ত্বাবধান করার কেউ ছিলেন না। অদক্ষতা ও অনিয়মের চিত্র তুলে ধরে এই কোম্পানিকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে। পতেঙ্গাসহ বিভিন্ন স্থাপনায় আধুনিক যন্ত্রপাতি নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব স্থাপনায় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং আগুন নেভানোর পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম রাখার সুপারিশ করে কমিটি। প্রশিক্ষণের মাধ্যমে কোম্পানির জনবলকে দক্ষ করে তোলার সুপারিশ করা হয়, যাতে সবাই ভবিষ্যতে দুর্ঘটনা এড়ানোর মতো যোগ্যতা অর্জন করতে পারেন।
আগুন লাগার কারণ: শুক্রবার রাতে অকটেন সরানোর কাজে ব্যবহূত পাম্পটি তদন্ত কমিটি জব্দ করেছে। তদন্ত কমিটি বলছে, ওই পাম্পের স্টার্টটি ফ্রেমপ্রুফ ছিল না বলে স্পার্কিং (আগুনের স্ফুলিঙ্গ) করে ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তা না হলে হাজার হাজার কোটি টাকার জ্বালানি তেলের স্থাপনা রক্ষা করা অসম্ভব হয়ে পড়ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ঘটনার দিন কাজ করার সময় দায়িত্বশীল প্রকৌশলীসহ কেউ উপস্থিত ছিলেন না। অদক্ষ শ্রমিকেরা কাজ করছিলেন। এ ধরনের স্পর্শকাতর কাজের সময় আধুনিক যন্ত্র ও পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকা উচিত ছিল।
যাঁরা দায়ী: প্রত্যক্ষ দায়ী ব্যবস্থাপক আবুল বাশার ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মুশফিকুর রহমান। পরোক্ষ দায়ী ব্যক্তিরা হলেন যমুনার ব্যবস্থাপনা পরিচালক আলিম উদ্দিন ও উপমহাব্যবস্থাপক (অপারেশন) কাজী মনজুর রহমান। বিপিসির চেয়ারম্যান ইউনুসুর বলেন, ‘প্রত্যক্ষ দায়ী দুজনের মধ্যে প্রকৌশলী মুশফিকুরকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। টার্মিনাল ব্যবস্থাপকের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্য দুজনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা আমরা দেখছি।’