ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ বিশেষজ্ঞদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপযুক্ত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক সেবনের ফলে যক্ষ্মা, এইচআইভি এইডসসহ যৌনবাহিত রোগ, কালাজ্বর, টাইফয়েড, নিউমোনিয়ার মতো রোগ প্রতিরোধে অনেক প্রচলিত ওষুধ ঠিকমতো কাজ করছে না।গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলে ফার্মাকোলজি বিভাগ আয়োজিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ শীর্ষক এক কর্মশালায় আলোচকেরা অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, ভারতে আইন করে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশেও অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও বিক্রি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের শিক্ষক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিট্যান্স সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা কার্যক্রমের সমন্বয়ক মো. সায়েদুর রহমান অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কুফল সম্পর্কে কর্মশালায় একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, চিকিৎসকেরা কখনো কখনো রোগ নির্ণয়ের কষ্ট এড়াতে অ্যান্টিবায়োটিক দেন। রোগীরাও মাঝেমধ্যে জোর করে অ্যান্টিবায়োটিক লিখিয়ে নেন। অনেকে কোর্স শেষ না করেই এসব ওষুধ খাওয়া ছেড়ে দেন। এতে ওই রোগীর শরীর থেকে রেজিট্যান্স বেরিয়ে পানি, মাটি বা বাতাসে ছড়িয়ে অন্য কোনো মানুষকে আক্রান্ত করে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তা এরউইন কুরম্যান বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কতটা ভয়াবহ হতে পারে তার প্রমাণ বিশ্ববাসী কয়েকবার প্রত্যক্ষ করেছে। উত্তর ভারতে পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের জন্য জটিল সংক্রামক ব্যাধির উদ্ভব হয়। পরে তা কানাডা পর্যন্ত ছড়ায়। ভারতসহ ছয়টি জায়গা থেকে জটিল টাইফয়েড রোগের উৎপত্তি হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত বিস্তার লাভ করে। এ ছাড়া, বিশ্বব্যাপী ‘এইচওয়ান এন ওয়ান’ (সোয়াইন ফ্লুর জীবাণু) এবং এইচআইভি এইডস রোগের চিকিৎসা আরও জটিল হওয়ার আশঙ্কা আছে।আলোচকেরা বলেন, অ্যান্টিবায়োটিকের এমন অবিবেচনাপ্রসূত ব্যবহারের কারণে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মধ্যে পড়ছে। সহজে রোগ সারছে না, দীর্ঘদিন চিকিৎসা নিতে হচ্ছে, মৃত্যুর হার বাড়ছে, দামি ওষুধের প্রয়োজন হচ্ছে এবং জটিল অস্ত্রোপচার করতে হচ্ছে। ফলে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ছে। এসব সমস্যা সমাধানের জন্য ওষুধ অপ্রয়োজনীয় হয়ে ওঠার আগেই নতুন ওষুধ আবিষ্কারের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত। উপস্থিত ছিলেন প্রোউপাচার্য মোহাম্মদ শহীদুল্লাহ, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান মীর মিজবাহ উদদীন, শর্মিলা হুদা প্রমুখ।