ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি হচ্ছে কাশির সিরাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় ব্যবস্থাপত্র ছাড়াই বিভিন্ন কাশির সিরাপ বিক্রি হচ্ছে। সহজলভ্য হওয়ায় একশ্রেণীর তরুণ-যুবক নেশা হিসেবে এগুলো ব্যবহার করছেন।অনুসন্ধানে জানা গেছে, উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকার ওষুধের দোকানগুলোতেও বেশ কয়েক ধরনের কাশির ওষুধ দেদার বিক্রি হচ্ছে। ওষুধ নয়, মূলত নেশা করতেই এগুলো কিনে নিচ্ছেন তরুণ-যুবকেরা। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি নিষিদ্ধ হলেও ব্যবসায়ীরা বেশি দামে ব্যবস্থাপত্র ছাড়াই এগুলো বিক্রি করছেন। জেলা ড্রাগ সুপারিনটেনডেন্ট হারুন অর রশিদ বলেন, ‘ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি করার নিয়ম নেই। আমারা মাঝেমধ্যে অভিযান চালাই। যারা নেশা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলীপ কুমার দাস বলেন, ‘সব ফার্মেসিতেই এসব পাওয়া যায়। আমরা তো আর এটার জন্য পাহারা বসাতে পারি না। তবে ওষুধ বিক্রেতাদের উচিত, ব্যবস্থাপত্র দেখে ওষুধ বিক্রি করা।’সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার পর তরুণ-যুবকেরা উপজেলা পোস্ট অফিস, অডিটরিয়াম ভবন, বিভিন্ন হাট-বাজার, অলি-গলি ও নির্জন জায়গায় বসে কাশির সিরাপের সঙ্গে শক্তিবর্ধক পানীয় (এনার্জি ড্রিক) মিশিয়ে তা সেবন করছেন।কালকিনি পৌর এলাকার বড় কয়েকটি ওষুধের দোকানের সামনে অবস্থান করে দেখা গেছে, এক থেকে দেড় ঘণ্টার মধ্যে ৩০-৪০ জন তরুণ-যুবক ব্যবস্থাপত্র ছাড়াই কাশির সিরাপ কিনছেন। এই সিরাপ সেবনকারী একজন জানান, হাতের কাছে সহজে পাওয়া যায়। কেউ সন্দেহ করেন না। ভালো লাগে। এ কারণে সেবন করেন।নাম প্রকাশ না করার শর্তে একজন ওষুধ ব্যবসায়ী বলেন, ‘সবাই বিক্রি করে, তাই আমিও বাজার ধরে রাখার জন্য বিক্রি করি।’ সংস্কৃতিকর্মী সালাহ উদ্দিন মাহমুদ বলেন, যেভাবে নেশার দিকে ছাত্র ও যুবসমাজ ঝুঁকছে এবং এ ব্যাপারে প্রশাসনের যে উদাসীনতা, তাতে মাদকের ব্যাপক বিস্তৃতি ঘটছে। সহজে এসব হাতের কাছে পাওয়ায় যুবসমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল বলেন, ‘কাশির ওষুধ দিয়ে যুবকেরা নেশা করে শুনেছি। অভিযোগ পেলে ফার্মেসির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’