রোগীদের ব্যবস্থাপত্রে প্রয়োজনের চেয়ে বেশি ওষুধ লেখা হচ্ছে। নিজেদের ওষুধ বিক্রির জন্য ওষুধ কোম্পানিগুলো আগ্রাসী বাজারজাতকরণ নীতি অনুসরণ করছে। অন্যদিকে বিশেষায়িত হাসপাতালে রোগীদের সঠিক পথ্য দেওয়া হচ্ছে না। সুশাসনের অভাবে স্বাস্থ্য খাতে এ ধরনের অরাজকতা চলছে।নাগরিক সংগঠন বাংলাদেশ হেলথ ওয়াচ তাদের তৃতীয় গবেষণা প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে হেলথ ওয়াচ। সম্মেলনে জানানো হয়, নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন আজ ‘বাংলাদেশ হেলথ ওয়াচ রিপোর্ট ২০০৯: কেমন চলছে স্বাস্থ্য খাতের পরিচালনা?’ নামের এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবস্থাপত্রে (প্রেসক্রিপশন) বেশি ওষুধ লেখার হার অত্যন্ত বেশি এবং ক্রমেই তা বাড়ছে। ১৯৯৪ সালে প্রয়োজনের চেয়ে পাঁচ শতাংশ ওষুধ বেশি লেখা হতো। কিন্তু এখন ৩৩ শতাংশ ওষুধ বেশি লেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনটির বেশি ওষুধ দিলে ওষুধ বিক্রেতা ও রোগীদের ভুল করার ঝুঁকি বাড়ে। খরচও বাড়ে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রাম ও শহরে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ১৯৯৫ সালের তুলনায় বেড়েছে। ওষুধের দোকান থেকে আসা ব্যবস্থাপত্রে সবচেয়ে বেশি (প্রয়োজনের চেয়ে ৬০ শতাংশ বেশি) ওষুধ লেখা হয়। এর পরের অবস্থান শহরের ক্লিনিকগুলোর (৪৬ শতাংশ)।নাগরিকদের এই সংগঠন অভিযোগ করেছে, ওষুধ কোম্পানিগুলো নিজেদের পণ্য বিক্রির জন্য তাদের বিক্রয় প্রতিনিধিদের (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) ওপর প্রচণ্ড চাপ দেয়। নিজেদের ওষুধ ব্যবস্থাপত্রে লেখানোর জন্য দেশের প্রায় ২০ হাজার প্রতিনিধি চিকিত্সকদের নানাভাবে প্রলুব্ধ করেন, পুরস্কৃত করেন। তাঁরা এখন সারা দেশের পল্লি চিকিত্সকদেরও এ কাজে ব্যবহার করছেন।সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সংক্ষিপ্তসার উপস্থাপন করেন হেলথ ওয়াচের সদস্য এবং ওয়াটার এইড নামের একটি প্রতিষ্ঠানের এ দেশীয় প্রতিনিধি খায়রুল ইসলাম।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেলথ ওয়াচের আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রওনক জাহান, নিপোর্টের সাবেক পরিচালক (গবেষণা) আহমেদ-আল-সাবির, ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের প্রধান ফারুক আহমেদ, বিআইডিএসএর সিনিয়র রিসার্চ ফেলো সিমিন মাহমুদ, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী আব্বাস ভূঁইয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক এম জাকির হোসেন এবং এনজেন্ডার হেলথের এ দেশীয় প্রতিনিধি আবু জামিল।