ব্যবস্থাপনা উন্নত করেই সাফল্য পেয়েছে আরইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় বছর চাহিদা অনুযায়ী বিদ্যুতের দাম বাড়েনি। ক্রয়মূল্যের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করা হয়েছে গ্রাহকের কাছে। তার পরও আর্থিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। কর্মকর্তারা বলছেন, ব্যবস্থাপনার উন্নয়নই এ সাফল্যের পেছনের কারণ। তবে প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি অনুসরণ না করার সংস্কৃতি এখনো রয়ে গেছে।
২০১১ সালেও বিআরইবির সার্বিক অবস্থা ছিল নাজুক। তাদের বিতরণ এলাকায় দিনের অধিকাংশ সময় লোডশেডিং থাকত।
গ্রাহকের চাহিদা পূরণ করার জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প ছিল না। ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে মাত্র চারটি (ঢাকা-১, নরসিংদী-১, গাজীপুর ও নারায়ণগঞ্জ) ছাড়া সবগুলোই ছিল লোকসানি। কোনো কোনো সমিতি ব্যাংকে গচ্ছিত স্থায়ী আমানত (এফডিআর) ভাঙিয়ে নৈমিত্তিক রক্ষণাবেক্ষণের ব্যয় ও বেতন-ভাতা মেটাচ্ছিল। সমিতিগুলোর গড় পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) ১৫ শতাংশের নিচে হিসাব করা হলেও কোনো কোনো সমিতিতে তা ছিল ৪০ শতাংশ পর্যন্ত।
বিআরইবির সেই ছবিটা এখন অনেকটাই বদলে গেছে। ব্যবস্থাপনা উন্নত করার মাধ্যমে পদ্ধতিগত লোকসান এবং পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমিয়ে নতুন আটটিসহ মোট ১২টি সমিতিকে লাভজনক করে তোলা সম্ভব হয়েছে। এখন আর কোনো সমিতির পদ্ধতিগত লোকসান অস্বাভাবিক পর্যায়ে নেই। লোডশেডিংও সীমিত হয়েছে। গ্রাহকের চাহিদা পূরণের জন্য নেওয়া হচ্ছে নতুন নতুন প্রকল্প।
এ বিষয়ে জানতে চাইলে আরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বলেন, ওই ১২টি ছাড়া আরও পাঁচটি সমিতি লাভজনক হওয়ার পর্যায়ে চলে এসেছে। তা ছাড়া গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম একটু বাড়ানো হলেই আরও ১৮টি সমিতি লাভজনক হতে পারবে। চেয়ারম্যান বলেন, সমিতিগুলো বর্তমানে যে দামে পিডিবির কাছ থেকে বিদ্যুৎ কেনে, তার চেয়ে কম দামে গ্রাহকের কাছে বিক্রি করে। তাই দাম না বাড়িয়ে শুধু ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে সম্পূর্ণ ঘাটতি মেটানো সম্ভব নয়।
লোকসানের আরও কারণ: বিআরইবি ও সমিতিগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, কেনা দামের চেয়ে কমে বিদ্যুৎ বিক্রি করা প্রতিষ্ঠানটির লোকসানের অন্যতম কারণ, তবে একমাত্র কারণ নয়। আরও বড় কারণ হচ্ছে, প্রতিষ্ঠিত নিয়মকানুন ভেঙে বিতরণ অবকাঠামোর সম্প্রসারণ ও অত্যধিক পদ্ধতিগত লোকসান।
প্রতিটি সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে আরইবির বিতরণ ব্যবস্থার অনিয়মতান্ত্রিক সম্প্রসারণ হয়েছে। অনেক ক্ষেত্রে বিআরইবি ও সমিতির কর্মকর্তারা এর বিনিময়ে যথেষ্ট সুযোগ-সুবিধাও পেয়েছেন।
আরইবির বিতরণ অবকাঠামো সম্প্রসারণের মৌলিক পূর্বশর্ত হচ্ছে—আর্থিকভাবে ‘না লাভ, না ক্ষতি’ নীতি অনুসরণ করা। জরিপের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় অবকাঠামো সম্প্রসারণের ব্যয়, সম্ভাব্য সর্বোচ্চ গ্রাহকসংখ্যা নির্ধারণ, বিদ্যুৎ বিক্রির মাধ্যমে সম্ভাব্য আয়, বিদ্যুৎ বিতরণের ফলে এলাকার সামগ্রিক উন্নয়নের সম্ভাবনা ও তার আর্থসামাজিক মূল্যায়ন ইত্যাদি করার কথা। ১৯৯১ সালের আগ পর্যন্ত এ প্রক্রিয়া অনুসরণ করা হতো। ফলে তখন সমিতিগুলোর দীর্ঘমেয়াদি লোকসানের কোনো কারণ ছিল না। এরপর মন্ত্রী-সাংসদদের প্রভাব ও কোটায় বিদ্যুৎলাইন স্থাপন শুরু হয়। দুই কিলোমিটার লাইন তৈরি করে মাত্র ২২ জন আবাসিক গ্রাহককে সংযোগ দেওয়ারও নজির আছে। আবার লাইন করা হলেও প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে লাইন হলেও গ্রাহকেরা বিদ্যুৎ পাননি। আরইবির আয় হয়নি। তাই অব্যাহতভাবে বেড়েছে লোকসান। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের এই ধারা গত মহাজোট সরকারের সময় অব্যাহত ছিল। এখনো আছে।
আরইবির আর্থিক দুরবস্থার আরেকটি কারণ পদ্ধতিগত লোকসান এখনো যৌক্তিক মাত্রার চেয়ে বেশি। এর একটি কারণ বিতরণ ব্যবস্থার নিম্নমান। এ সমস্যার সমাধানে বিশ্বব্যাংকের ৬০ কোটি ডলার ঋণ সহায়তায় বিতরণ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি চুরি ও অপচয় নিরসনেও বছরভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ চালানো হচ্ছে বলে সংস্থার চেয়ারম্যান জানান।