ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদে শিক্ষার্থীদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের প্রধান নজরুল ইসলামের অপসারণের দাবিতে ওই অনুষদের ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট চলছে। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি গতকাল বুধবার থেকে কাজ শুরু করেছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকাল আটটা থেকে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন ওই অনুষদে ছুটে যান। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপাচার্য শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট তুলে নিয়ে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীরা ওই অনুষদের ডিন নজরুল ইসলামের অপসারণের আগ পর্যন্ত অবস্থান ধর্মঘট তুলে নিতে অস্বীকৃতি জানান। শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘটের কারণে অনুষদভুক্ত একটি মাত্র বিভাগের (ব্যবসায় প্রশাসন) গত মঙ্গলবার ও গতকাল বুধবার কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।এদিকে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ও রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ শামসুল আলমকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক নিয়াজ আহম্মেদ ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শরীফ মো. শরাফউদ্দিন। তদন্ত কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘আজ (বুধবার) থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। যত দ্রুত সময়ে সম্ভব তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’গত রোববার সেমিস্টার পরীক্ষা দেরিতে হওয়া, অর্থ আত্মসাৎ, বিভিন্ন ধরনের দুর্নীতি, দুর্ব্যবহার, অসৌজন্যমূলক আচরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধাসহ ১০টি অভিযোগ এনে অনুষদের ডিনের অপসারণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।