ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধ শিক্ষা কার্যক্রম ব্যাহত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শাল্টিমুরাদপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে প্রতিষ্ঠানের সুপারসহ পাঁচটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এতে মাদ্রাসার পাঠদান ব্যাহত হচ্ছে।
মাদ্রাসা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ মে সুপারের পদ, ২০০৯ সালের মার্চে বাংলা, ২০১০ সালের এপ্রিলে ইংরেজি, মে মাসে আরবি ও ২০১২ সালে ইবতেদায়ি শাখার একজন শিক্ষকের পদ শূন্য হয়। কিন্তু ব্যবস্থাপনা কমিটি-সংক্রান্ত জটিলতায় এসব পদে নিয়োগ বন্ধ রয়েছে।
মাদ্রাসার একজন ছাত্রের অভিভাবক মো. মমিন ও শিক্ষার্থী ওমর ফারুকসহ কয়েকজন বলেন, ইংরেজি, বাংলাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান হচ্ছে না। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এন্তাজ আলী বলেন, ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে গত ৯ মে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি নির্বাচনের জন্য ১৩ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অভিভাবক ও দাতা সদস্যের ভোট নেওয়া হয়। এতে ১০ জন সদস্যের মধ্যে নয়জন ভোট দেন। নির্বাচনে ছয় ভোট পেয়ে নিজামুল হাসান সভাপতি নির্বাচিত হন। সভাপতি নির্বাচন কার্যক্রমসহ মাদ্রাসা বোর্ডের কমিটি অনুমোদনের সব কাজ শেষে নিজামুল হাসানের বড় ভাই ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসানুল কবিরের সঙ্গে বাড়ি ফেরার পথে বেলা দুইটার দিকে পুলিশের এক মামলায় তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।
এন্তাজ আলী জানান, পুলিশ গ্রেপ্তার করলে ব্যবস্থাপনা কমিটি গঠন-সংক্রান্ত সব কাগজপত্র তিনি আহসানুল কবিরের হাতে দেন। পরে নিজামুল হাসান কমিটির কাগজপত্র মাদ্রাসা বোর্ডে জমা দেন। মাদ্রাসা বোর্ড গত ৯ জুন কমিটি অনুমোদন করে পাঠিয়ে দেয়।
নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শ্রী দীপক কুমার বণিক বলেন, শিক্ষা কার্যালয়ে তাঁর সভাপতিত্বে শাল্টিমুরাদপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচন হয়। নির্বাচনের পর তাঁর উপস্থিতিতেই মাদ্রাসার সুপার তাঁর কার্যালয়ে কমিটি গঠন-সংক্রান্ত সব কাজ সম্পন্ন করেন।
সভাপতি নির্বাচনে পরাজিত প্রার্থী মহির উদ্দিন মণ্ডল বলেন, ভারপ্রাপ্ত সুপার এন্তাজ আলী জেলে যাওয়ায় তাঁর সই জাল করে কমিটি গঠনের কাগজপত্র বোর্ডে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনি মাদ্রাসা বোর্ডে লিখিত অভিযোগ দেন এবং গত ৫ জুলাই আদালতে মামলা করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা বোর্ড গত ১৬ জুন কমিটির কার্যক্রম স্থগিত করে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন পাঠাতে বলে।
জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন গত বৃহস্পতিবার মাদ্রাসায় তদন্তে আসেন। তদন্ত শেষে তিনি প্রথম আলোকে বলেন, ব্যবস্থাপনা কমিটি গঠন-সংক্রান্ত কাগজপত্রে সুপারের সই জালের কোনো আলামত তিনি পাননি।
এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসার সভাপতি নিজামুল হাসান প্রথম আলোকে বলেন, অভিযোগকারী সভাপতি নির্বাচিত না হওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ দিয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছেন।