ব্যবস্থাপনা কমিটির অসহযোগিতা তদন্ত থেমে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্ক ভিটার মোড়কজাত তরল দুধের দাম বাড়ানোর বিষয়টি যৌক্তিক হয়েছে কি না তা তদন্তে গঠিত কমিটির কার্যক্রম থেমে গেছে। মিল্ক ভিটা পরিচালনাকারী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের অসহযোগিতার কারণে কাজ করতে পারছে না বলে তদন্ত কমিটি মন্ত্রণালয়কে জানিয়েছেন। তবে ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাসিব খান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘দুধের মূল্য ও প্রশাসনিক ব্যয়সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা তদন্ত কমিটিকে দিয়েছি। কিন্তু ওনারা ৪৯(৩) ধারায় কিছু কাগজপত্র চেয়েছেন। এগুলো দেওয়া হয়নি। কারণ, তদন্ত কমিটি ওই ধারায় গঠিত হয়নি।’জানতে চাইলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার জানান, সমবায় সমিতি আইনের ৪৯(৩) ধারায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটির কাছ থেকে চিঠি পেয়ে মিল্ক ভিটার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তাঁরা এখন তথ্য দেবেন বলে জানিয়েছেন।’মিল্ক ভিটার মোড়কজাত তরল দুধের মূল্যবৃদ্ধি নিয়ে গত ২৯ মে প্রথম আলোয় ‘এক লিটার দুধের দাম কত?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে পরদিন সমবায় মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। নথিপত্রে দেখা যায়, ওই বৈঠকের পর সমবায় সমিতি আইন, ২০০১-এর ৪৯(৩) ধারায় তদন্ত কমিটি গঠন করা হয়। এই ধারায় গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় চাইলে ব্যবস্থাপনা কমিটিকে শোকজ করা, কমিটির চেয়রম্যানকে বহিষ্কার করা এমনকি ব্যবস্থাপনা কমিটিও ভেঙে দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে। ধারণা করা হচ্ছে, এ কারণেই তদন্ত কমিটিকে সহযোগিতা করছে না মিল্ক ভিটা।শুধু মোড়কজাত দুধের দাম বৃদ্ধিই নয়, মিল্ক ভিটার প্রশাসনিক ব্যয় কমানো, জনবল যৌক্তিকীকরণ করার বিষয় খতিয়ে দেখতেও কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কমিটি মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির কাছে তাদের কয়েক মাসের ব্যয়ের বিশ্লেষণ চেয়েছিল। কিন্তু ব্যবস্থাপনা কমিটি তা সরবরাহ করেনি।তদন্ত কমিটির আহ্বায়ক সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মো. মোমিনুল হক তালুকদার প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনীয় তথ্য পেলে আমার তদন্তকাজ শেষ করতে এবং প্রতিবেদন জমা দিতে বড়জোর এক সপ্তাহ লাগবে। কিন্তু তথ্যই তো দেওয়া হচ্ছে না। বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি।’