ব্যবস্থাপনা কমিটির নির্বাচন নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। এতে বিদ্যালয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
শিক্ষক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কমিটির বর্তমান সভাপতি নুরুল ইসলাম ও সাবেক সদস্য রাজু আহমেদ পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটছে। নুরুল ইসলাম সাত বছর ধরে সভাপতি । রাজু আহমেদ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। নতুন কমিটি গঠনের লক্ষ্যে ২২ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। পাঁচজন অভিভাবক সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে একজন নারী ও চারজন পুরুষ সদস্য।
রাজু আহমেদ ও নুরুল ইসলাম সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে নিজেদের পক্ষের লোকজনকে দিয়ে নির্বাচন করানোর প্রস্তুতি নিচ্ছেন। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ওই দিন সকালে রাজুর সমর্থকেরা বিদ্যালয়ে গিয়ে হামলা চালান এবং অফিস কক্ষে গিয়ে নুরুল ইসলাম পক্ষের প্রার্থীদের মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) গোলাম মস্তুফা ঘটনাস্থলে আসেন এবং মনোনয়নপত্র জমার সময় গতকাল সোমবার পর্যন্ত বাড়ান।
গত রোববার সকালে নুরুল ইসলাম পক্ষের বিল্লাল মিয়া মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় রাজু পক্ষের লোকজন তাঁর কাছ থেকে মনোনয়নপত্র নিয়ে যান। এ ঘটনায় দুই পক্ষের কয়েক শ লোক বাজারের দুই প্রান্তে অবস্থান নেন। প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, নির্বাচন নিয়ে দুই পক্ষের মারমুখী অবস্থানের কারণে শিক্ষার্থী-শিক্ষক কেউই নিরাপদ নন।
উত্তেজনা সৃষ্টি হওয়ার জন্য রাজুকে দায়ী করে নুরুল ইসলাম বলেন, রাজু প্রভাব দেখিয়ে বিনা নির্বাচনে তাঁর পছন্দের মানুষগুলোকে বিজয়ী করতে চাইছেন। এ বিষয়ে রাজু আহমেদ বলেন, ‘যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী, তাঁরা সবাই আওয়ামী লীগ করেন। এ কারণে আমরা চাইছিলাম নির্বাচন ছাড়া আলোচনার ভিত্তিতে কমিটি গঠন করতে। কিন্তু নুরুল ইসলাম পক্ষ তাতে রাজি হয়নি।’