ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে স্থগিতাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের শাহপুর আফছার উদ্দিন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আদালত স্থগিত করেছেন। গত বৃহস্পতিবার কসবা জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক এ আদেশ দেন।
কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহাম্মদ বলেন, নির্বাচনে অভিভাবক সদস্য পদপ্রার্থী তাজুল ইসলাম চৌধুরী ভোটার তালিকায় ত্রুটির অভিযোগে মামলা করায় আদালত নির্বাচন স্থগিত করেছেন। কাল রোববার ১৮ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এজাহার ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেজিস্টার অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৮২৯ জন হলেও নির্বাচন উপলক্ষে ভোটার তালিকায় ৬৭০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খসড়া ভোটার তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ না করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। ১২ সেপ্টেম্বর ভোটার তালিকা চূড়ান্ত অনুমোদনের তারিখ থাকলেও তা ২৫ আগস্ট অনুমোদন করা হয়েছে বলে দেখানো হয়। এ ছাড়া গেজেটেড কর্মকর্তা না হওয়া সত্ত্বেও বেআইনিভাবে উপজেলা একাডেমিক সুপারভাইজারকে নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।
প্রধান শিক্ষক আনোয়ারুল হাসান ভূঞা বলেন, বিদ্যালয়ে ৮২৯ জন শিক্ষার্থী থাকলেও একাধিক সন্তান, দীর্ঘদিন বিদ্যালয়ে না আসা ছাত্রছাত্রীদের বাদ দিয়ে ৬৭০ জনের অভিভাবককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই সময় খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেও তখন কেউ আপত্তি করেননি।