বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) মডেল কৃষকদের নামে ব্যবস্থাপনা কমিটির সদস্য ও তাঁদের পছন্দের লোক এবং তাঁদের স্বজনদের ঋণ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নামমাত্র সার্ভিস চার্জের বিনিময়ে দেওয়া এই ঋণ প্রান্তিক কৃষকেরা না পাওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।মিল্ক ভিটা ও প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি সূত্রে জানা গেছে, মিল্ক ভিটায় দুধ সরবরাহ বাড়ানোর জন্য গাভি কিনতে সাধারণত প্রান্তিক কৃষকদের মধ্যে স্বল্প সুদে ঋণ দেওয়া হয়। কিন্তু এ বছর প্রান্তিক কৃষকদের এই ঋণ না দিয়ে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আর্থিকভাবে লাভবান হতে মডেল কৃষকদের নামে এই ঋণ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রাথমিক দুগ্ধ সমিতির সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।কয়েকজন ঋণগ্রহীতা জানান, যাঁদের সর্বনিম্ন ১০টি গাভি আছে, তাঁদের আরও ১০টি গাভি কেনার জন্য সাড়ে সাত লাখ টাকা করে ঋণ দেওয়া হয়েছে। আর ঋণগ্রহীতাদের নিজেদের আড়াই লাখ টাকা দিয়ে একটি আদর্শ খামারের জন্য ঘর নির্মাণ করতে হবে।সূত্র জানায়, মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোট ৩০ জন মডেল কৃষককে শতকরা ৫ ভাগ সার্ভিস চার্জের বিনিময়ে এই ঋণ দেওয়া হবে। গত বৃহস্পতিবার পর্যন্ত ১১ জন সদস্যকে ঋণ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি সফিকুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসিব খানের স্ত্রী এলিজা খানের নামে এই ঋণ অনুমোদন হয়েছে। এ ছাড়া ঋণগ্রহীতাদের মধ্যে আছেন মিল্ক ভিটা ব্যবস্থাপনা কমিটির সাবেক পরিচালক খলিল সরকার। ঋণগ্রহীতা সুবীর ঘোষ, গোলজার হোসেন, নুরু মণ্ডলসহ সবাই মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহসভাপতির পছন্দের লোক এবং স্বজন। শরিষাকোল প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম অভিযোগ করেন, অনিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা নিজ নামে এবং আত্মীয়স্বজনদের নামে মোটা অঙ্কের টাকা ঋণ নিচ্ছেন। অথচ এই ঋণের টাকা স্বল্প সুদে প্রান্তিক কৃষকদের দেওয়ার নিয়ম রয়েছে। প্রান্তিক কৃষকেরা বলছেন, এই ঋণব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ধনীদের না দিয়ে সমিতির সদস্যদের দেওয়া হলে দুধের উৎপাদন বাড়ত এবং প্রান্তিক কৃষকেরা সবচেয়ে বেশি লাভবান হতেন। মিল্ক ভিটার ব্যবস্থাপক (সমিতি) জাহাঙ্গীর আলম জানান, ব্যবস্থাপনা কমিটি যেভাবে তালিকা অনুমোদন দিয়েছে, সেভাবেই আমরা ঋণ বণ্টন করেছি। আর প্রান্তিক কৃষকদের মধ্যে বিতরণ করা ঋণের টাকা আদায় হওয়ার পর অন্যদের ঋণ দেওয়া হবে। মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসিব খান জানান, ২৪ মাসের মধ্যে কিস্তিতে ঋণের সাড়ে সাত লাখ টাকা পরিশোধ করতে হবে। পরবর্তী সময়ে এই টাকা অন্যদের দেওয়া হবে। একজন মডেল কৃষক ব্যবস্থাপনা কমিটির সদস্য বা তাঁর আত্মীয়ও হতে পারেন। এতে দোষের কিছু নেই। তাঁকে ঋণ দেওয়া যাবে না—এমন কোনো শর্ত নেই। তা ছাড়া প্রান্তিক কৃষকদের ঋণের কার্যক্রমও চালু রয়েছে। গত ১৫ ডিসেম্বর মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় মডেল কৃষক তৈরির লক্ষ্যে এই ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।