ব্যবস্থাপনা কমিটির বাধায় যোগ দিতে পারছেন না প্রধান শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় মহাদেবপুর উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ আদেশ পেয়েছেন শারমিন আক্তার। কিন্তু বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বাধার কারণে এক মাসেরও বেশি সময় ধরে তিনি নতুন কর্মস্থলে যোগ দিতে পারছেন না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তারকে গত ২৩ জানুয়ারি শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে বদলির নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শারমিন আক্তার অভিযোগ করেন, নির্দেশপত্র হাতে পেয়ে ওই বিদ্যালয়ে যোগ দিতে যান। কিন্তু ব্যবস্থাপনা কমিটির লোকজন তাঁকে বাধা দেন। কয়েকবার ওই বিদ্যালয়ে গেলেও তাঁকে যোগ দিতে দেওয়া হয়নি। এমনকি ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় কিছু মানুষ তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ বিষয়ে নিজের নিরাপত্তা চেয়ে তিনি মহাদেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
প্রধান শিক্ষক বলেন, ‘এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করলে তাঁরা দুজনেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। কিন্তু এত দিনেও তাঁরা কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। বাধ্য হয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপ চেয়ে গত ২০ ফেব্রুয়ারি চিঠি পাঠিয়েছি।’
শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল আজিজ আফান বলেন, অন্য বিদ্যালয়ে দায়িত্বে থাকা অবস্থায় শারমিন আক্তারের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিষয়টি বিভাগীয় তদন্তে প্রমাণিত হলে তাঁকে গত ১৫ জানুয়ারি মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাস্তিমূলক বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু আট দিন পরেই তদবির করে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন শারমিন। বিষয়টি জানার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা তাঁকে এই বিদ্যালয়ে নিয়োগ না দেওয়ার জন্য মানববন্ধন পর্যন্ত করেছেন। তিনি এ প্রতিষ্ঠানে যোগ দিলে ছাত্রছাত্রীরা অন্যত্র ভর্তি হবে।
এসব অভিযোগ অস্বীকার করে শারমিন আক্তার বলেন, ‘সেখানকার এক শিক্ষক আমার বিরুদ্ধে অসৌজন্য আচরণের মিথ্যা অভিযোগ এনেছিলেন। সেখানে কেউ দুর্নীতির অভিযোগ করেননি।’
ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল মামুনার রশিদ বলেন, শারমিন আক্তারকে ওই বিদ্যালয় কমিটি ও কিছু অভিভাবক চাইছেন না। তাঁরা শারমিন আক্তারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন। স্থানীয় মানুষের প্রতিরোধের মুখে সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও তিনি বিদ্যালয়ে যোগ দিতে পারছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমীরুল ইসলাম বলেন, ‘নিয়োগ আদেশ থাকায় ওই প্রধান শিক্ষককে বিদ্যালয়ে অবশ্যই যোগদান করতে দিতে হবে। বিষয়টি স্থানীয় সাংসদকে জানানো হয়েছে। আমরাও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় লোকজনকে বোঝানোর চেষ্টা করছি। কিছুদিন হয়তো দেরি হচ্ছে, কিন্তু তাঁকে ওই বিদ্যালয়েই যোগদান করানো হবে।’