ব্যবস্থাপনা দুর্বল, দালালের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ব্যবস্থাপনা দুর্বল। দালালেরা প্রশাসনের সামনেই রোগীদের সঙ্গে প্রতারণা করে। অনেক চিকিৎসক সময়মতো হাসপাতালে আসেন না।খোঁজ নিয়ে জানা যায়, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর কয়েকটি হাসপাতালে আঙুলের ছাপ রাখা (বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট: টাইম অ্যাটেনডেন্স সিসটেম) যন্ত্র বসাতে চেয়েছিল। অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, কয়েকটি প্রতিষ্ঠানে ওই যন্ত্র বসানো সম্ভব হয়েছে। সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসকদের বিরোধিতার কারণে তা বসানো সম্ভব হয়নি।গত এক সপ্তাহে দেখা গেছে, অনেক চিকিৎসক সকাল সাড়ে আটটায় প্রতিষ্ঠানে এসে পৌঁছান না। তবে বেলা একটা বাজার আগেই হাসপাতাল ছাড়তে শুরু করেন। দুটো পর্যন্ত খুব কমসংখ্যক চিকিৎসক থাকেন। থাকার কথা আড়াইটা পর্যন্ত।এই অব্যবস্থাপনার মধ্যেও হাসপাতাল সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। হাসপাতালের সহ-পরিচালক উত্তম কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, হাসপাতাল ভবন তিন থেকে ছয়তলা করার পরিকল্পনা আছে। শয্যাসংখ্যা ৬৪৯ থেকে বাড়িয়ে ৮৫০ করা হবে। নতুন যন্ত্রপাতিও আনা হচ্ছে। এসব হলে পরিস্থিতির উন্নতি হবে।দালালের দৌরাত্ম্য: গত সপ্তাহে পর পর চার দিন সকালে উপস্থিত থেকে দেখা গেছে, বহির্বিভাগে ১০ টাকা দিয়ে টিকিট কেনার পর অনেক রোগী বা তার আত্মীয় চিকিৎসকের নির্দিষ্ট কক্ষ খুঁজতে থাকেন। অনেকে ইতস্তত করেন। এদের সাহায্যে নির্দিষ্ট কিছু নারী-পুরুষ এগিয়ে আসেন। এদের পোশাক ও হাবভাব দেখে মনে হবে, এরা হাসপাতালেরই কর্মচারী। টিকিট হাতে নিয়ে বলেন, ‘ভালো ডাক্তার দেখাতে চাইলে রাস্তার ওপার যান, আজ এখানে ডাক্তার নেই’, ‘এখানে সময়/টাকা নষ্ট করছেন কেন’—এ রকম নানা কথা। এরা দালাল। দালালদের আচরেণ বিভ্রান্ত হন রোগী। দালালেরা বারান্দার পাশেই অপক্ষেমাণ রিকশায় তুলে দেন রোগীকে। সঙ্গে যান বয়স্ক নারী বা কিশোর। মিরপুর রোডের উল্টো দিকে মোহাম্মদপুরের কোনো বেসরকারি ক্লিনিকে তাঁরা পৌঁছে যান। পুলিশ ও র‌্যাব মাঝেমধ্যে এসব দালালদের দু-একজনকে গ্রেপ্তার করে। অভিযোগ আছে, হাসপাতালের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে এদের সখ্য আছে। দালালদের এই দৌরাত্ম্যের কথা স্বীকার করেছেন উত্তম কুমার বড়ুয়া। তিনি বলেন, মিরপুর রোডের প্রধান ফটক দিয়ে ঢোকার মুখেই অনেকে আওয়াজ করতে থাকে আজ হাসপাতাল বন্ধ, ডাক্তার নেই ইত্যাদি। এতে অনেকে বিভ্রান্ত হয়ে অন্য উপায় খোঁজে। তিনি দাবি করেন, এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। দালালদের দৌরাত্ম্য ৮০ শতাংশ কমেছে।গত সপ্তাহে অন্তত দুই দিন হাসপাতাল কর্তৃপক্ষের বাণী শোনা গেছে। মাইকে দালালদের খপ্পরে না পড়তে রোগীদের সতর্ক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝেমধ্যেই মাইক বাজানো হয়। কিন্তু রোগীরা আস্থা পাচ্ছে না।