ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। দুপুর ১২টার দিকে ওই বিভাগের শিক্ষার্থীরা কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তাঁরা ক্যাম্পাস চত্বর ঘুরে ভোলা-চরফ্যাশন সড়কের পাশে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র ইশতিয়াক হোসেন, সম্মান তৃতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার, দ্বিতীয় বর্ষের ছাত্র মাশরুক প্রমুখ। বক্তারা বলেন, অর্ধশত বছরের ঐতিহ্যবাহী ভোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগে বর্তমানে একজন শিক্ষকও নেই। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। এক সপ্তাহের মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়া না হলে কলেজ অচল করে দেওয়াসহ আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তাঁরা। এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার বলেন, দুই মাস ধরে ব্যবস্থাপনা বিভাগে কোনো শিক্ষক নেই। অথচ ওই বিভাগে অনার্স-মাস্টার্সসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে। মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।