ব্যবস্থাপনা ভালো হলে সরকারের প্রতি আস্থা বাড়ে
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, সরকারি কর্ম সম্পাদন ব্যবস্থাপনা ভালো হলে সরকারি কাজের প্রতি মানুষের আস্থা বাড়ে। অন্যথায় মানুষ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে।
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে মন্ত্রিপরিষদ বিভাগ ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) আয়োজিত ‘সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা প্রক্রিয়া’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সচিব কামাল আবদুল নাসের বলেন, সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা ভালো হলে সেটি জাতি ও সমাজের অবস্থা পরিবর্তন করে।
সম্মেলনে মালয়েশিয়ার বিশেষজ্ঞ রবীন্দ্রন দেবগুনান, ভারত সরকারের কর্মসম্পাদন ব্যবস্থাপনা বিভাগের সাবেক সচিব প্রজাপতি ত্রিবেদী, ভুটান সরকারের প্রধানমন্ত্রীর দপ্তর ও মন্ত্রিপরিষদ সচিবালয়ের শীর্ষ কর্মকর্তা চেঞ্জু দর্জি এবং বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিবালয়ের সমন্বয়ক ও সংস্কারবিষয়ক সচিব এন এম জিয়াউল আলম সংশ্লিষ্ট বিষয়ে পৃথক চারটি উপস্থাপনা তুলে ধরেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সুলতান আহমেদ।