ব্যবহার অনুপযোগী হয়ে গেছে পুকুরটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে পুকুরটি। জন্মেছে আগাছা। হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী। এই সুযোগে পুকুরের এক কোণে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে। আরেক অংশে ফেলা হয়েছে ভাঙা ভবনের পরিত্যক্ত জিনিসপত্র।
চট্টগ্রামের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র চাক্তাই এলাকার ছুফী আবদুস ছোবাহান সওদাগর মসজিদের পুকুর এটি। চাক্তাইয়ের চাউলপট্টি এলাকায় এটিই একমাত্র পুকুর।
এদিকে পুকুরটি রক্ষার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং নগর পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, আবদুস ছোবাহান সওদাগর ষাটের দশকে এই মসজিদ নির্মাণ করেন। পরে ছোবাহান সওদাগরের পরিবার মাদ্রাসা, হেফজখানা এবং মুসল্লিদের অজু করার জন্য আশি শতক জমি নিবন্ধন করে।
লিখিত আবেদনে বলা হয়, ‘১০ বছর ধরে মসজিদের পুকুরের চারপাশে ময়লা আবর্জনা ফেলে পুকুরের পানি নষ্ট করা হয়েছে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত পুকুরটি কয়েক বছর ধরে ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে। একশ্রেণির ভূমি ব্যবসায়ী পুকুরটি ভরাট করে মসজিদের সম্পদ আত্মসাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই পুকুর রক্ষা করার জন্য আবেদন করছি।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কমিশনার এবং চাক্তাই শিল্প ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, ‘ছোবহান সওদাগরের পরিবারের সদস্যরা পুকুরটি মুসল্লি ও স্থানীয় জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। চাক্তাইয়ের শ্রমিক-কর্মচারীরা একসময় পুকুরটি ব্যবহার করতেন। কিন্তু ১০ বছর ধরে পুকুরটি ব্যবহারের অযোগ্য অবস্থায় ফেলে রাখা হয়েছে। ভরাট করার জন্য এই কৌশল নেওয়া হয়েছে।’
মসজিদের মোতোয়াল্লি শেখ জাহেদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আগে ওখানে অজুখানা না থাকায় পুকুর খনন করা হয়েছিল। এখন আমরা মসজিদ সম্প্রসারণ করব। পাশাপাশি এতিমখানা ও মাদ্রাসা করার পরিকল্পনা আছে। তাই ইমাম-মুয়াজ্জিনদের জন্য ঘরও নির্মাণ করতে হবে। এগুলো করতে পুকুরের যতটুকু অংশ লাগে, তা ব্যবহার করা হবে। বাকিটুকু পুকুরই থাকবে।’