ব্যবহারকারীদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে চায় চট্টগ্রাম বন্দর!
জাহাজে আমদানি করা পণ্য চট্টগ্রাম বন্দর থেকে খালাস করতে ব্যবসায়ীদের এখনো নির্ধারিত সময়ের চেয়ে অন্তত এক থেকে তিন সপ্তাহ বেশি সময় লাগছে। বহির্নোঙরে জাহাজ আসার পর বন্দরে জেটি বরাদ্দ পাওয়ার জন্য প্রতিদিন অপেক্ষায় থাকতে হচ্ছে পণ্যবাহী জাহাজগুলোকে। এসব ভোগান্তি নিয়ে আলোচনার জন্য প্রতিদিনই চট্টগ্রাম বন্দর ভবনে ছুটতে হয় ব্যবহারকারীদের। কিন্তু বন্দর ভবনে ‘প্রবেশ নিয়ন্ত্রণ’-এর নতুন পদ্ধতি ব্যবহারকারীদের সংকট আরও বাড়িয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এমন পদক্ষেপে ব্যবহারকারীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এর প্রতিবাদে গত সোমবার ‘বার্থিং সভা’ বর্জন করেন জাহাজ কোম্পানির প্রতিনিধিরা (শিপিং এজেন্ট)। বন্দরের জলসীমায় জাহাজ আগমনের ঘোষণা এবং জেটি বরাদ্দের সিদ্ধান্ত হয় বার্থিং সভায়।
প্রতিদিন সকালে এই সভা হয়। বন্দর ভবনে ঢোকার ক্ষেত্রে কড়াকড়ির কারণে শিপিং এজেন্টরা সোমবার সকালে বন্দর ভবনের ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা বার্থিং সভা বর্জনের ঘোষণা দেন। পরে বন্দর কর্তৃপক্ষ নিয়ম সাময়িকভাবে শিথিল করার আশ্বাস দিলে সেদিন দুপুরের দিকে বার্থিং সভায় যোগ দেন শিপিং এজেন্টরা।
আমদানিকারক, রপ্তানিকারক, শিপিং এজেন্ট (দেশি-বিদেশি জাহাজ কোম্পানির স্থানীয় প্রতিনিধি), ফ্রেইট ফরোয়ার্ডার (ক্রেতার হাতে পণ্য পৌঁছানোর দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান), সিঅ্যান্ডএফ এজেন্টসহ (পণ্য আমদানি-রপ্তানিকারকের পক্ষে নিয়োজিত প্রতিনিধি) বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতিদিনই চট্টগ্রামের বন্দর ভবনে যেতে হয়। ব্যবসায়ীসহ এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারাই মূলত বন্দর ব্যবহারকারী।
বন্দর সূত্র জানায়, গত রোববার বন্দর ভবনের নিচতলায় ‘ভিজিটরস অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম’ অর্থাৎ দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণের এই পদ্ধতি উদ্বোধন করেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। সোমবার এই পদ্ধতি কার্যকর করা হয়।
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম যাতে সব সময় সচল থাকে সে জন্য প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টা বন্দর ও কাস্টমস সচল রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু বন্দর ভবনে ঢুকতেই যদি ভোগান্তির শিকার হতে হয় তাহলে সেবা পাওয়াই কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, বন্দরের জেটি এলাকায় ঢুকতে ব্যবহারকারীদের জন্য কার্ডের (পরিচয়পত্র) ব্যবস্থা রয়েছে। বন্দর ভবনে ঢোকার জন্য এ রকম কোনো ব্যবস্থা রাখা হয়নি।
বন্দর সূত্র জানায়, নতুন পদ্ধতিতে কোনো ব্যবসায়ী বা তাঁর প্রতিনিধিকে প্রথমে বন্দর ভবনের নিচতলায় প্রবেশ নিয়ন্ত্রণ কার্যালয়ে সংরক্ষিত রেজিস্টারে নিজের নাম, কার কাছে সাক্ষাৎ করবেন, কী বিষয়ে সাক্ষাৎ করবেন তা বিস্তারিত উল্লেখ করতে হয়। এরপর দর্শনার্থী যাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন, যোগাযোগ করে তাঁর অনুমতি আদায় করবেন বন্দরের কর্মীরা। এরপর ওই কর্মকর্তা অনুমতিপত্র পাঠানোর পর দর্শনার্থীরা বন্দর ভবনে প্রবেশ করতে পারবেন। এত দিন দর্শনার্থীরা শুধু পরিচয় লিপিবদ্ধ করে বন্দর ভবনে ঢুকতে পারতেন।
এ বিষয়ে চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নেওয়াজ প্রথম আলোকে বলেন, বন্দরের কার্যক্রমে এখনো পুরোপুরি অনলাইন ব্যবস্থা চালু হয়নি। ফলে ব্যবহারকারীদের বন্দর ভবনে যেতে হচ্ছে। সেবা পেতে ব্যবহারকারীরা যাতে কোনো ভোগান্তিতে না পড়েন, সেদিকে গুরুত্ব দেওয়া উচিত বন্দরের।
পণ্য পরিবহন-সংক্রান্ত নানা জটিলতা নিয়ে বন্দর কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ব্যবহারকারীদের যোগাযোগ রক্ষা করতে হয় বলে জানান ফ্রেইট ফরোয়ার্ডার এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম। তিনি বলেন, ব্যবহারকারীদের বন্দর ভবনে প্রবেশ নিয়ন্ত্রণ করা হলে কাজের গতি কমে যাবে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল প্রথম আলোকে বলেন, উন্নত বন্দরের আদলে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে। ব্যবহারকারীরা যাতে সহজে বন্দর ভবনে প্রবেশ করতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্দরে এখনো সনাতন পদ্ধতিতে দালিলিক কার্যক্রম পরিচালিত হয়। ছয় বছর আগে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করলেও এই পদ্ধতির আওতায় অনেক কার্যক্রম এখনো সনাতন পদ্ধতিতে চলছে। ব্যবহারকারীদের ডিজিটাল কার্যক্রমের আওতায় আনার জন্য জাহাজ আগমনের ঘোষণা ও জেটি বরাদ্দের সিদ্ধান্ত নিতে ‘বার্থিং সভা’র কার্যক্রম অনলাইনে করার প্রকল্প থাকলেও তা বাস্তবায়ন হয়নি।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর পর্ষদের সাবেক সদস্য হাদী হোসাইন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বন্দর হলো পণ্য পরিবহনের সেবাপ্রদানকারী সংস্থা। ব্যবহারকারীরা যাতে সহজে সেবা নিতে পারেন, সে ব্যবস্থাই আগে করা উচিত। প্রবেশ নিয়ন্ত্রণ করে সহজে সেবা প্রদান করা যায় না।