ব্যবহারযোগ্য বগি আবার মেরামতের জন্য চট্টগ্রামে
ঈদের আগে ঘরমুখী মানুষের সুবিধার্থে উপকূল এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত বগিটি (ডব্লিউজেইসি-৫৪০৭) মেরামত করে ব্যবহারের জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। কিন্তু ওই বগিটি সংযুক্ত না করে মেরামতযোগ্য দেখিয়ে এক মাস পর আবার চট্টগ্রামের পাহাড়তলীর কারখানায় ফেরত পাঠানো হয়েছে। এক মাস এই কোচটি না চলায় প্রায় সাড়ে ১৪ লাখ টাকা আয় থেকে বঞ্চিত হয়েছে রেল কর্তৃপক্ষ।
তাড়াহুড়া করে সম্পূর্ণ মেরামত না করে এটি সংযোজনের জন্য ঢাকায় পাঠানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তাড়াহুড়া করে মেরামত করার কারণে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ঠিকমতো কাজ করছিল না বলে জানা গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-নোয়াখালী চলাচলকারী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দিনে দুবার আসা-যাওয়া করে। এতে একটি শীতাতপনিয়ন্ত্রিত বগি রয়েছে। ঈদের আগে বগিটি নষ্ট হওয়ায় তা চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ে কারখানায় মেরামতের জন্য পাঠানো হয়। মেরামত করে ২৩ জুলাই তা ট্রেনে সংযুক্ত করার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।
জানা গেছে, ঢাকায় পরিচালন (অপারেটিং) বিভাগ তা গ্রহণ করে। কিন্তু সেটি উপকূলে সংযুক্ত করা হয়নি। কোচটি পুরোপুরি চলাচলের উপযোগী না হওয়ার বিষয়টি তারা উদ্ঘাটন করে। পরে গত ৪ আগস্ট অাবার মেরামতের জন্য এটি চট্টগ্রাম পাঠিয়ে দেওয়া হয়। ২৩ আগস্ট বগিটি কারখানায় মেরামতের জন্য ঢোকানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান পরিচালন তত্ত্বাবধায়ক মো. সালাহউদ্দিন বলেন, ঈদের আগে তাড়াহুড়া করে এটি ঢাকায় পাঠানো হয়েছিল। এখানে আসার পর অনেক ত্রুটি দেখতে পাই। তাই উপকূলে এটি সংযুক্ত করা যায়নি। যদি সংযুক্ত করা হতো তাহলে যাত্রীদের হয়রানির শিকার হতেন। তাই এটি আবার মেরামতের জন্য চট্টগ্রাম পাঠানো হয়।
জানা গেছে, উপকূল এক্সপ্রেসের একমাত্র শীতাতপনিয়িন্ত্রত কোচটিতে ৫৮টি বসার আসন রয়েছে। ঢাকা-নোয়াখালী যাত্রাপথে প্রতি আসনের ভাড়া ৪৭৮ টাকা। সে হিসাবে প্রতিদিন দুই ট্রিপে (আসা যাওয়া) ৫৫ হাজার ৪৪৮ টাকা আয় হয়। এক মাস (চার দিন সাপ্তাহিক ছুটি ব্যতীত) চললে ১৪ লাখ ৪১ হাজার টাকার মতো আয় হতো বলে ধারণা করা হচ্ছে। কিন্তু অব্যবস্থাপনার কারণে এটি হয়নি বলে রেল কর্মকর্তাদের অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘উপকূল এক্সপ্রেসে এই বগিটির খুব চাহিদা রয়েছে। ঠিকমতো কাজ না করে পাঠানোর কারণে ঈদের সময় এটি সেবা দিতে পারল না।’
জানতে চাইলে পাহাড়তলী কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএসডব্লিউ) মো. হারুনুর রশীদ বলেন, ‘আমরা যখন কোচটি ঢাকায় পাঠিয়েছিলাম, তখন মেরামত করেই পাঠিয়েছিলাম। এখন সেটি আবার ফেরত পাঠানো হয়েছে। এখন এটির শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র দিয়ে পানি পড়ছে। কিছু কাজ করতে হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন পাঠিয়েছিলাম, তখন এই ত্রুটি চোখে পড়েনি।’