টানা হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির তিনটি ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে। গত মঙ্গলবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কলা অনুষদের ডিন খন্দকার ফরহাদ হোসেন জানান, ৬, ৭ ও ৮ নভেম্বর ‘এ’ ইউনিটের অধীনে চারুকলা, নাট্যকলা ও সংগীত বিভাগের পৃথক ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে তা পিছিয়ে ১১, ১২ ও ১৩ নভেম্বর গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন আবদুল লতিফ জানান, ৯, ১০, ১১ ও ১২ নভেম্বর ‘এফ’ ইউনিটের সাক্ষাৎকারের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এই চার দিন সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
এ ছাড়া কৃষি অনুষদের ডিন শাহানা কায়েস জানান, অনিবার্য কারণবশত ‘জি’ ইউনিটের সাক্ষাৎকার ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বর সকাল সাড়ে আটটায় কৃষি অনুষদের ভবনে গ্রহণ করা হবে।
ভর্তি পরীক্ষার সাক্ষাৎকারসহ বিস্তারিত তথ্য অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে জানা যাবে।