ব্যবহারিক পরীক্ষার জন্য অর্থ আদায়
কুষ্টিয়ার খোকসাতে একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার খাতায় স্বাক্ষরের নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ওই স্কুলে যান খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা বানু। জানতে চাইলে ইউএনও সেলিনা বানু প্রথম আলোকে বলেন, পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার নামে টাকা নেওয়ার কোনো বিধান নেই। আগামীকালের (আজ বুধবার) মধ্যে প্রত্যেক শিক্ষার্থীর কাছে টাকা ফেরত দেবেন বলে প্রধান শিক্ষক প্রতিশ্রুতি দিয়েছেন।
বিদ্যালয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছর খোকসা জানিপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য (ব্যবসা) শাখায় দুই শতাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ১০৫ শিক্ষার্থীর পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শারীরিক শিক্ষা, কৃষি শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা রয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহম্মদ আলী ব্যবহারিক পরীক্ষার খাতায় স্বাক্ষর করা বাবদ বিজ্ঞান শাখার পরীক্ষার্থীপ্রতি ৭০০ টাকা এবং মানবিক ও বাণিজ্য শাখার পরীক্ষার্থীপ্রতি ৪০০ টাকা আদায় করতে থাকেন। প্রধান শিক্ষক মোহম্মদ আলী বলেন, বাইরে থেকে আসা শিক্ষকসহ যাঁরা ব্যবহারিক পরীক্ষার খাতা দেখবেন তাঁদের জন্য টাকা তোলা হয়েছে। যেহেতু অভিযোগ উঠেছে, তাই টাকা ফেরত দেওয়া হবে।