ব্যবহারিক পরীক্ষার নম্বর না যোগ না করায় অকৃতকার্য
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীর কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পরীক্ষার্থী মনিরুল ইসলাম শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে। মনিরুলের বাড়ি পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের ভাতশালা গ্রামে।
লিখিত অভিযোগ ও মনিরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, সে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের আলহাজ আমজাদ হোসেন মহাবিদ্যালয়ের কম্পিউটার অপারেশন বিভাগ থেকে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রে তার পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফলে সে সব বিষয়ে উত্তীর্ণ হয়। কিন্তু ডেটাবেইস ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে কেন্দ্র থেকে পাঠানো ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র দেখতে চাইলে তাঁরা টালবাহানা করতে থাকেন।
এ বিষয়ে আলহাজ আমজাদ হোসেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, কলেজ থেকে ওই ব্যবহারিক পরীক্ষায় মনিরুলকে ৪৯ নম্বর দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্র থেকে নম্বর দেওয়া হয়েছে কি না, তা তিনি জানেন না।
পাংশা আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান জানান, পরীক্ষায় বিএম শাখার সব দায়িত্ব ছিল মাহবুব স্যারের। তিনি সব ব্যবহারিক পরীক্ষার নম্বর দিয়েছেন।
কলেজের শিক্ষক মাহবুবুর রহমান দাবি করেন, তিনি শুধু হলের দায়িত্বে ছিলেন। কলেজের অধ্যক্ষ পরীক্ষার নম্বর ঢাকায় পাঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম খান বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে বললে পরে পদক্ষেপ নেওয়া হবে।