ব্যবহারিক সাংবাদিকতার শিক্ষক ছিলেন এবিএম মূসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিএম মূসা ছিলেন ব্যবহারিক সাংবাদিকতার শিক্ষক। নিজ কর্মগুণে তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। মারা গেলেও তিনি সাংবাদিকতায় জীবন্ত হয়ে থাকবেন।
বরেণ্য সাংবাদিক এবিএম মূসার স্মরণসভায় শিক্ষক ও সাংবাদিকেরা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে এই স্মরণসভার আয়োজন করে জাতীয় প্রেসক্লাব। গত ৯ এপ্রিল মারা যান এবিএম মূসা।
স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, যাঁরা সাংবাদিকতা পেশার মানকে প্রতিষ্ঠিত করেছিলেন তাঁদের একজন এবিএম মূসা। তিনি স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, মূসা ভাই তাঁর প্রথম কেনা গািড়তে বাংলায় নামফলক লিখিয়েছিলেন। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তিনি তা মোকাবিলা করেছিলেন৷
সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, মূসা ভাই ব্যবহারিক সাংবাদিকতার অন্যতম শিক্ষক ছিলেন। এটি তাঁর সারাজীবন পর্যন্ত ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, এবিএম মূসা আওয়ামী লীগ ও বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে গেছেন। সাবেক সাংসদ হয়েও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এবিএম মূসার নামাজে জানাজা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী জাতীয় প্রেসক্লাবের পাঠাগারের নাম এবিএম মূসার নামে করার প্রস্তাব দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, মূসা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে দুটি ট্রাস্ট ফান্ড গঠনের জন্য ৪০ লাখ টাকা দিয়ে গেছেন। এর মধ্যে ২০ লাখ টাকা দিয়েছেন তাঁর শিষ্য আতাউস সামাদের নামে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য৷ আর বাকি ২০ লাখ টাকা তাঁর শ্বশুর প্রখ্যাত সাংবাদিক আবদুস সালামের নামে ট্রাস্ট ফান্ডের জন্য দিয়ে গেছেন। কিন্তু তিনি এটি প্রচার করতে চাননি।
সাংবাদিক নেতা শওকত মাহমুদ অভিযোগ করেন, একজন ব্যক্তি চাননি বলে তাঁর নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের সামনে হয়নি।
এবিএম মূসার মেয়ে পারভীন সুলতানা বলেন, বাবা হিসেবেও তিনি ছিলেন অনন্য। অনুষ্ঠানে এবিএম মূসার কর্মময় জীবনের ওপর লিখিত তথ্য তুলে ধরেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ।
সাংবাদিক হাসান হাফিজের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন মিজানুর রহমান শেলি, জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, রুহুল আমীন গাজী, আবদুল জলিল ভূঁইয়া প্রমুখ।