বরিশালের আগৈলঝাড়া প্রাণিসম্পদ বিভাগের কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবনটি বহু বছর ধরে সংস্কার করা হয়নি। এতে জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা সেখানে কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কারণে ১৯৮৪ সালে আগৈলঝাড়াকে উপজেলায় রূপান্তরিত করা হলে এর দোতলা ভবনটিতে আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কার্যক্রম শুরু হয়। পরে প্রাণিসম্পদ বিভাগের এই কার্যালয় উপজেলা সদরে স্থানান্তর করা হলে ওই ভবনটিতে আগৈলঝাড়া উপজেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। কেন্দ্রের সরেজমিন সহকারী মো. নুরুউদ্দিন বলেন, অন্তত ৩২ বছর ধরে প্রজনন কেন্দ্রের ভবনটিতে কোনো সংস্কার করা হয়নি। অযত্ন ও অবহেলায় ভবনটি একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মাঝেমধ্যে ভবনের ছাদের চুন-সুরকির পলেস্তারা খসে পড়ছে।
আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একরাম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভবনটির অবস্থা খুবই নাজুক। এ বিষয়ে আমরা অবহিত। প্রস্তাবসহ প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠানো হয়েছে।’