ব্যবহারের সুযোগ পেলে ভারত চট্টগ্রাম বন্দরের উন্নয়নে সহায়তা দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মণিশংকর আয়ার বলেছেন, চট্টগ্রাম বন্দর ব্যবহার করার সুযোগ পেলে ভারত এ বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণে সহায়তা দেবে। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন করবে।তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের অবস্থান বঙ্গোপসাগরের তীরে হওয়ায় এ বন্দরের উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। আধুনিকায়নের মাধ্যমে সুযোগ-সুবিধা বাড়ানো হলে সিঙ্গাপুর বন্দরের চেয়ে চট্টগ্রাম উন্নত বন্দর হিসেবে বিশ্বে স্থান করে নেবে। চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ উন্নয়ন ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।গতকাল বুধবার ভারতের মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বন্দর ব্যবহারের সুযোগ পেলে ভারত বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী। রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এ অনুষ্ঠানে আইবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ, মহাসচিব শ্যামল ঘোষসহ সফররত ভারতের মার্চেন্ট চেম্বারের প্রতিনিধি ঋতেশ বাউরিসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মণিশংকর আয়ার ও আবদুল মাতলুব আহমাদ এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন।মণিশংকর আয়ার বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি জানিয়েছেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরের মোট ক্ষমতার মাত্র ২৫ শতাংশ ব্যবহূত হচ্ছে। কিন্তু সফররত ভারতীয় প্রতিনিধিদলের বিশেষজ্ঞরা চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে দেখেছেন, ক্ষমতার শতভাগ ব্যবহার করতে হলে এ বন্দরের আধুনিকায়ন প্রয়োজন। কারণ বর্তমানে যেসব যন্ত্রপাতি বন্দরে ব্যবহূত হচ্ছে, তা দিয়ে বড় আকারের কনটেইনার হ্যান্ডলিং সম্ভব নয়। এ কারণে ব্যবহারের সুযোগ পেলে ভারত চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে সব ধরনের সহায়তা করবে।’বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আবদুস সালাম মুর্শেদী ভারতের কাছে শুল্কমুক্ত সুবিধার আওতায় আট কোটি পিস তৈরি পোশাক রপ্তানির পরিবর্তে বাংলাদেশের সব পোশাক শুল্কমুক্ত রপ্তানির সুযোগ চেয়েছেন। যৌথ ঘোষণায় বলা হয়েছে, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও অর্থনেতিক সহযোগিতা বাড়াতে ভারত ও বাংলাদেশ একে অপরকে সহায়তা করবে। তবে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে প্রতিনিধিদল প্রেরণ ও বিভিন্ন ধরনের বৈঠক আয়োজনে কলকাতাভিত্তিক মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) উদ্যোগ নেবে। ছয় মাসের মধ্যে ভারতের আগরতলায় দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হবে বলে যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়েছে।