ব্যবহৃত পানি ব্যবস্থাপনার দিক থেকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে খারাপ। দেশটি এই পানির মাত্র ১৭ শতাংশ কাজে লাগাতে পারছে।
বিশ্ব পানি দিবস উপলক্ষে গতকাল বুধবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে ঢাকায় ব্যবহৃত পানির মাত্র ২ শতাংশ ঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়।
প্রতিবেদনে বলা হয়, একদিকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশুদ্ধ পানির উৎসের সীমাবদ্ধতার জন্য দেশগুলোর মধ্যে এ নিয়ে টানাটানি বেড়ে চলেছে। অন্যদিকে এই অঞ্চলে ব্যবহৃত পানির ৮০ থেকে ৯০ শতাংশ কোনো রকম বিশুদ্ধকরণ ছাড়াই ছেড়ে দেওয়া হচ্ছে। এতে দূষিত হয়ে পড়ছে ভূমি ও বিশুদ্ধ পানির উৎস। নষ্ট হচ্ছে উপকূলীয় অঞ্চলের প্রতিবেশব্যবস্থা।
উচ্চ আয়ের দেশগুলোতে নগরে ও কারখানায় ব্যবহৃত পানির প্রায় ৭০ শতাংশ সংশোধনের ব্যবস্থা থাকে। মধ্যম আয়ের দেশগুলোয় এটা সম্ভব হয় ২৮ শতাংশ। আর নিম্ন আয়ের দেশে মাত্র ৮ শতাংশ পানি সংশোধন করা সম্ভব হয়।