যশোরের বাঘারপাড়া পৌরসভা প্রতিষ্ঠার ১৩ বছর পরও তারা নিজেদের ব্যয় মেটাতে পারছে না। প্রতিষ্ঠার সময় থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বিদ্যুৎ, টেলিফোন বিলসহ যাবতীয় খরচ মেটাতে প্রতিবছর তাদের আট থেকে দশ লাখ টাকা ঘাটতি থাকে। এ কারণে পৌরসভার বাসিন্দারাও দিনের পর দিন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০২ সালে নয়টি ওয়ার্ড নিয়ে যশোরের বাঘারপাড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এর মোট ভোটার ৬ হাজার ২০০ জন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার বাজার সদর এলাকার সড়কে বাতি রয়েছে। অন্য কোথায় সড়কবাতি দেওয়া হয়নি। উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকায় একটি গণশৌচাগার রয়েছে, যেটি নোংরা। বাজার অংশে সড়কের পাশে পয়োনিষ্কাশনের জন্য নর্দমা রয়েছে, যা বহুদিন ধরে পরিষ্কার করা হয় না। তীব্র দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ। এ সময় শিক্ষক রেজাউল ইসলাম বলেন, পৌরসভার বাসিন্দারা তাঁদের প্রায় সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত। এখানে পার্ক বা বিনোদনকেন্দ্র না থাকায় মানুষ চিত্তবিনোদন থেকেও বঞ্চিত।
বাঘারপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, এখানে নাগরিক সেবা বলতে কিছু নেই। মেয়রকে অনেক বলে বাজারের ভেতরে বৈদ্যুতিক খুঁটিতে বাতি লাগানোর ব্যবস্থা করা হয়েছে। যে বাতির মান তেমন ভালো নয়। বাতিগুলোর বেশির ভাগ নষ্ট হয়ে গেছে। রাতে জ্বলে না। তা ছাড়া পৌর এলাকায় পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। নর্দমা পরিষ্কার করা হয় না। এ কারণে নর্দমা দিয়ে পানি বের হতে পারে না।
বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল হাই তাঁর সীমাবদ্ধতার কথা স্বীকার করে গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর এ পৌরসভার রাজস্ব খাত থেকে আয় ২৫ থেকে ৩০ লাখ টাকা। সেখানে কর্মচারীর বেতন, বিদ্যুৎ, টেলিফোনসহ অন্যান্য খরচ ৩৮ থেকে ৪০ লাখ টাকার মতো। এতে প্রতিবছর ৮ থেকে ১০ লাখ টাকা ঘাটতি থাকে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ঋণ নিয়ে তাঁরা এ ঘাটতি পূরণ করেন। পৌর কর্তৃপক্ষ এডিবির কাছে আট লাখ টাকা দেনা রয়েছে। তিনি আরও বলেন, এখানকার মানুষের মূল পেশা কৃষি। যে কারণে এখানে আয় খুবই কম। এত কম আয়ে তেমন উন্নয়নকাজ করা যায় না। এরপরও গত পাঁচ বছরে অন্তত ছয় কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের অধিকাংশ টাকা খরচ করা হয়েছে রাস্তা কার্পেটিং ও পয়োনিষ্কাশনের নর্দমা নির্মাণকাজে; যার ৯০ শতাংশ কাজ বাস্তবায়িত হয়েছে বলে তিনি দাবি করেন।