ব্যর্থ মানুষ দিয়ে গণতন্ত্র রক্ষা হবে না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যর্থ মানুষকে দিয়ে গণতন্ত্রের সুরক্ষা হবে না। কারণ, একজন ব্যর্থ মানুষ বারবারই ব্যর্থ হন।গতকাল শনিবার গণভবনে জাতীয় সম্মেলনে যোগ দিতে সারা দেশ থেকে আসা তৃণমূলের নেতারা নতুন সভাপতি হিসেবে শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে গেলে তিনি এসব কথা বলেন। ৭৩টি সাংগঠনিক জেলার নেতারা তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিচ্ছেন। কিন্তু তাঁরা নির্বাচন করতে ব্যর্থ হয়ে ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকার থেকে পদত্যাগ করেছিলেন। যে ফর্মুলাই এখন দেওয়া হোক না কেন, আমার প্রশ্ন হচ্ছে—ওই সময় তাঁরা ব্যর্থ হয়েছিলেন কেন?’গত শনিবার এক সেমিনারে দশম সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান চারটি প্রস্তাব দিয়েছিলেন।শেখ হাসিনা বলেন, ‘অনেক মোটা-তাজা মানুষই দল করতে ব্যর্থ হয়েছেন। যাঁরা দল করতে পারেননি, আমরা তাঁদের ফর্মুলা চাই না। আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারায় চলছে। সেভাবেই সম্মেলন হচ্ছে।’ প্রতি জেলায় নিজস্ব কার্যালয় করার কথা উল্লেখ করে তিনি বলেন, জেলায় জেলায় কার্যালয় করা অত্যন্ত জরুরি। কারণ, আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান। এ জন্য কেন্দ্র থেকে সহযোগিতা করতে হবে।শেখ হাসিনা তৃণমূল নেতাদের উদ্দেশে বলেন, ‘আমরা নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছি। তৃণমূলে সম্মেলনের কাজ দ্রুত শেষ করতে হবে।’ সম্মেলনের জন্য দুই মাস সময় বেঁধে দিয়ে তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করা হবে। ছোট ছোট দল, বিভাগ বা জেলাভিত্তিক এসব বৈঠক হবে।প্রধানমন্ত্রী তৃণমূলে জনগণ ও ভোটারদের দিকে নজর রাখতে জেলা নেতাদের নির্দেশ দেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রচার চালানোর আহ্বান জানান। তিনি আওয়ামী লীগের সংগ্রহশালা করার জন্য তৃণমূল নেতাদেরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়ে বলেন, সারা দেশে দলের প্রবীণ নেতাদের কাছ থেকে আওয়ামী লীগের ৬৪ বছরের ইতিহাস ও নিদর্শন সংগ্রহ করতে হবে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে কাজ শুরু করেছে।