‘ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী’কে বহাল রাখার কারণ টিআইবির প্রতিবেদনে উন্মোচিত হয়েছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ফাইল ছবি

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে গণক্ষোভ তৈরি হলেও সরকার কেন তাঁকে বহাল রেখেছে, তা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই দাবি করেছেন।

রুহুল কবির রিজভী বলেন, গতকাল মঙ্গলবার প্রকাশিত টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ মোকাবিলায় সরকারের ভ্যাকসিন ক্রয় ও ব্যবস্থাপনায় ২৩ হাজার কোটি টাকার গরমিল রয়েছে। এর অর্থ, সরকার রাষ্ট্রের ২৩ হাজার কোটি টাকা লোপাট করেছে। অর্থাৎ করোনা মহামারির সেই ভয়ানক পরিস্থিতিও নিশিরাতের সরকারের নেতা-মন্ত্রীদের দুর্নীতি থেকে সরাতে পারেনি।

বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে বিএনপির এই নেতা বলেন, ঋণ নিয়ে সরকার শত শত মেগা প্রকল্প খুলেছে। সবই হচ্ছে অপরিকল্পিতভাবে। বলা যায়, পুরো দেশ এখন বিদেশি ঋণের জালে বন্দী।

রুহুল কবির বলেন, গত ১০ মার্চ ঢাকায় কিডনি দিবসের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকা কেনা ও টিকাদান কার্যক্রম মিলে সরকারের প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। অপরদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া গত কয়েক মাসে একাধিক অনুষ্ঠানে বলেছেন, টিকা কেনায় প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এ থেকে যে কেউ অনুমান করতে পারেন, ২৩ হাজার কোটি টাকার দুর্নীতির আসল রহস্য।

দুর্নীতি দমন কমিশনের উদ্দেশে রিজভী বলেন, বিরোধী দলের নেতাদের হয়রানির জন্য ওত পেতে থাকা দুদককে বলব তদন্ত করে ২৩ হাজার কোটি টাকার হিসাব বের করুন। এসব নজিরবিহীন দুর্নীতির হিসাব জনগণকে দিতেই হবে। কেবল টিকা নয়, সুঁই কেনা থেকে শুরু করে কাঁথা, বালিশ, চাদর, হাসপাতালের জানালার পর্দা কেনাকাটায় সরকারের লোকজন দুর্নীতিতে ডুবে গেছে। সেখানে বিদেশ থেকে কঠিন শর্তে প্রায় এক লাখ কোটি টাকা ঋণ এনে কথিত মেগা প্রকল্প করছে। এই প্রকল্পগুলো মূলত লুটপাটের খনি।

বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে বিএনপির এই নেতা বলেন, ঋণ নিয়ে সরকার শত শত মেগা প্রকল্প খুলেছে। সব কটিই হচ্ছে অপরিকল্পিতভাবে। বলা যায়, পুরো দেশ এখন বিদেশি ঋণের জালে বন্দী। ফলে দেশের সার্বভৌমত্বও বন্দী। এরপর মেগা দুনীতি, অর্থ পাচার ও মূল্যস্ফীতিতে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের অবস্থা আরও খারাপ।
রিজভী বলেন, দেশের দুর্বিষহ পরিস্থিতিতে বিরক্ত ও বিব্রত জনগণের সামনে প্রতিদিন ওবায়দুল কাদের আর হাছান মাহমুদদের অর্থহীন কথাবার্তা জনগণের কাছে ‘মিষ্টিকুমড়া বেগুনি’র মতোই বিস্বাদ মনে হয়।

জোবায়দার বিরুদ্ধে মামলার সারবত্তা নেই

এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলাকে সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, এক-এগারোর জরুরি সরকারের সময় রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই মামলাটি করা হয়েছিল। জিয়া পরিবারকে হেয় করার জন্য বানোয়াট, কাল্পনিক ও অসত্য মামলা দায়েরের ধারাবাহিকতারই অংশ এই মামলা।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে ২০০৭ সালে দুদকের করা মামলাটি বাতিলে জোবায়দা রহমানের করা আবেদন (লিভ টু আপিল) আজ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

রিজভী বলেন, জোবায়দা রহমান একটি ঐতিহ্যবাহী বর্ণাঢ্য পরিবারের সন্তান। সরকার অসৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই মামলা দীর্ঘ সময় ধরে টিকিয়ে রেখেছে। অথচ এই মামলার কোনো সারবত্তা নেই। আজ সরকার রাষ্ট্রীয় ক্ষমতার বাহাদুরিতেই সবকিছু নিয়ন্ত্রণ করছে। বর্তমান সরকারের ইঙ্গিতেই আইন-আদালত নিয়ন্ত্রিত হয়।