ব্যর্থ হলে তা হবে দোহা আলোচনার শেষকৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন সফল না হলে এক যুগ আগে থেকে চলমান দোহা আলোচনার (রাউন্ড) শেষকৃত্য হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যেহেতু বাণিজ্য গুরুত্বপূর্ণ এবং যেহেতু দোহা আলোচনার সমাপ্তিও গুরুত্বপূর্ণ, সে কারণেই আগামী ডিসেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় ডব্লিউটিও সম্মেলনটিও গুরুত্বপূর্ণ। দোহা আলোচনা যে আটকে রয়েছে, তা আদৌ শেষ হবে, নাকি নতুন অবয়বে নতুন কিছু আসবে, সেই সিদ্ধান্ত নির্ভর করছে বালি সম্মেলনের সাফল্যের ওপর। বালিতে কিছু না হলে দোহা আলোচনার শেষকৃত্য হয়ে যাওয়ার শঙ্কা করছেন তিনি।
সিপিডির আয়োজনে গতকাল শুক্রবার রাজধানীর ব্র্যাক সেন্টারে প্রাক-ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এক সম্মেলনের উদ্বোধনী দিনে জেনেভায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। ‘আসন্ন নবম বিশ্ব বাণিজ্য (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলন: স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) প্রাপ্য নিশ্চিত করা’ শীর্ষক এই সম্মেলনে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের প্রধান অতিথি ছিলেন। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এতে প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন সংস্থার গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন।
জেনেভায় বেনিনের উপ-স্থায়ী প্রতিনিধি ইলয় লাওরো, জেনেভার আইডিয়াস সেন্টারের নির্বাহী পরিচালক নিকোলাস ইমবোডেন এবং সাউদার্ন অ্যান্ড ইস্টার্ন আফ্রিকান ট্রেড ইনফরমেশন অ্যান্ড নেগোসিয়েশনস ইনস্টিটিউটের কান্ট্রি ডিরেক্টর জেন নালুঙ্গা ছিলেন নির্ধারিত আলোচক।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অনেকেই বিশ্ব বাণিজ্যব্যবস্থার বদলে দ্বিপক্ষীয় বা আঞ্চলিক বাণিজ্যব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন। বালিতে সত্যি সত্যিই কিছু না হলে বহুপক্ষীয় বিশ্ব বাণিজ্যব্যবস্থার উদ্যোগ ভেস্তে যেতে পারে। অথচ বাংলাদেশের মতো দেশগুলোর জন্য বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থাই ভালো।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নানা জটিলতা সত্ত্বেও বালি সম্মেলন শুরুর আগেই অবশ্য কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যেমন সরকারি খাদ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে একটি দেশ কী পরিমাণ খাদ্য মজুত রাখতে পারবে এবং কৃষিপণ্য রপ্তানিতে কী পরিমাণ শুল্ক ধার্য করতে পারবে, তা ঠিক করা হয়েছে। এ ছাড়া বাণিজ্য সহজীকরণের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান দেবপ্রিয়।
এলডিসির জন্য চারটি বিষয়ের মধ্যে উৎসবিধি ও সেবা খাতে রপ্তানি—এ দুটির ব্যাপারে অগ্রগতি হচ্ছে বলে জানান দেবপ্রিয়। তিনি বলেন, শুল্কমুক্ত ও কোটামুক্ত পণ্য রপ্তানি এবং তুলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভর্তুকি—এ দুটির নিষ্পত্তির সম্ভাবনা কম।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, বিশ্বসম্পদের সর্বোত্তম ব্যবহারের সর্বোত্তম পন্থা হচ্ছে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা। ডব্লিউটিওর আগামী মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে কণ্ঠস্বর জোরালো করবে বাংলাদেশ।
ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কাছাকাছি সময়ে বালিতে বৈঠক হলেও ওই বৈঠকের জন্য বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।
মোস্তাফিজুর রহমান তাঁর প্রবন্ধে বলেন, বিশ্ব অনেকখানিই বদলে গেছে। অথচ ২০০১ সালের পর এক যুগ হতে চললেও দোহা আলোচনা শেষ হচ্ছে না। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তা অবশ্যই হতাশার কারণ।
বালি সম্মেলনকে সামনে রেখে সিপিডির এই সম্মেলন কাল রোববার শেষ হবে। দুই দিনে বাণিজ্য সহজীকরণ, খাদ্য নিরাপত্তা ও তুলাসহ কৃষি, শুল্ক ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার, সেবা খাতে এলডিসির জন্য অব্যাহতি ইত্যাদি বিষয়ে অধিবেশন অনুষ্ঠিত হবে।