বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ব্যর্থতা আড়াল করতে সরকার যুদ্ধাপরাধের বিচারের স্লোগান তুলছে। আসলে তারা যুদ্ধাপরাধের বিচার করবে না।গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।‘বিএনপি যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে হরতাল ডেকেছে’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের এমন অভিযোগের জবাবে গয়েশ্বর বলেন, যুদ্ধাপরাধের বিচারে বিএনপির আপত্তি নেই। তাই এই বিচারকে বাধাগ্রস্ত করার প্রশ্ন অবান্তর। তিনি দাবি করেন, সরকার যুদ্ধাপরাধের বিচারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই বিচারের কথা বলে জনগণের মৌলিক সমস্যার সমাধান করছে না।গয়েশ্বর রায় বলেন, সরকার নির্বাচনের আগে বলেছে, ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবে। এখন আইনমন্ত্রী বলছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে। তিনি বলেন, স্বাধীনতার পর নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এসব অপরাধের বিচারও একই ট্রাইব্যুনালে করতে হবে। বঙ্গবন্ধুর শাসনামলে সিরাজ শিকদারসহ জাসদের ৩০ হাজার নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন দাবি করে তিনি এসব হত্যার বিচারও চান।হরতাল প্রতিরোধ করা হবে—স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের এমন হুঁশিয়ারির জবাবে বিএনপির এই নেতা বলেন, হরতাল দমনের হুঁশিয়ারি সরকারের দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নয়। এটা সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ।এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, স্থায়ী কমিটির বৈঠকে হরতালসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে চূড়ান্ত করার দায়িত্ব ছিল চেয়ারপারসনের ওপর, তাই তিনিই কর্মসূচি চূড়ান্ত করেন।