ব্যর্থতা ও দুর্নীতি ঢাকা দিতে সরকারের নতুন কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও সর্বগ্রাসী দুর্নীতি ঢাকা দিতে সরকার নতুন নতুন কলাকৌশল শুরু করেছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। ‘শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।মির্জা ফখরুল বলেন, গত চার বছরে রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর যখন সামনে জনগণের ধিক্কার উপস্থিত হয়েছে, তখন কোনো কূলকিনারা না পেয়ে সরকার নতুন কলাকৌশলে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে চাচ্ছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এখন জনগণের সামনে বড় সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের শাসনের অভাব ও শিক্ষাঙ্গনে অশান্তি। এর কোনোটারই সমাধান দিতে পারেনি সরকার; উপরন্তু দুর্নীতির সর্বগ্রাসী আক্রমণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, ‘এ সরকারের সময় শেষ হয়ে গেছে। যত ভেলকিই দেখান, কোনো লাভ হবে না। জনগণ জেগে উঠেছে।’ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় ছাত্রদলের সাবেক নেতারাও উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি মিছিল বিজয়নগর, পুরানা পল্টন, দৈনিক বাংলা হয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।শাহবাগ নিয়ে ষড়যন্ত্র দেখছি: গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনকে স্বাগত জানিয়ে বলেন, ‘এ সমাবেশ নিয়ে অনেক ষড়যন্ত্র দেখছি। একটি সুযোগসন্ধানী গোষ্ঠী তারুণ্যের আবেগকে পুঁজি করতে ঘৃণ্য শিয়ালের মতো অপেক্ষা করছে।’মাহবুবুর রহমান বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার ইতিহাসের একটি অধ্যায়। পাকিস্তানিরা ওই সময় গণহত্যা শুরু করে। এর বিচার করে জাতি হিসেবে আমাদের কালিমামুক্ত হতে হবে। কিন্তু বিচারের নামে যেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না হয়।’দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন ‘শাহবাগের গণজাগরণ এবং এর গতি-প্রকৃতি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।