জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বর্তমান সরকারের কৃষি ক্ষেত্রে যেমন সফলতা রয়েছে, তেমন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির ব্যর্থতাও রয়েছে। এই ব্যর্থতা কাটিয়ে উঠতে না পারলে জনগণ সরকারের ওপর থেকে সুদৃষ্টি ফিরিয়ে নেবে, সরকারকে বিপদে পড়তে হবে।গতকাল মঙ্গলবার টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ভাসানী হলে আয়োজিত সম্মেলনে এরশাদ আরও বলেন, ‘একমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হরতাল হয় না। হরতাল যত তাড়াতাড়ি দেশ থেকে বিদায় হবে, ততই মঙ্গল। তিনি আরও বলেন, ‘বিগত সংসদ নির্বাচনে মহাজোটে জাতীয় পার্টিকে ৪৮টি আসন দেওয়া হলেও পরবর্তী সময়ে আওয়ামী লীগ ১৭টি আসনে প্রার্থী দিয়েছিল, যাতে আমি বেশি আসন না পাই। অথচ আমি হবিগঞ্জে প্রার্থী দেওয়ায় বলা হয়, আমি নাকি দ্বৈত ভূমিকা পালন করেছি।’ জেলা জাতীয় পার্টির সভাপতি বুলবুল খান মাহবুবের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ আবুল কাসেম, কাজী মাহমুদ হাসান, জহিরুল ইসলাম, আবদুস সালাম চাকলাদার, খন্দকার নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। পরে এরশাদ বুলবুল খান মাহবুবকে সভাপতি ও আবদুস সালাম চাকলাদারকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন।